মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুরের তৃণমূল বিধায়ক জাকির হোসেন খুনের হুমকি পাচ্ছেন। সেই উড়ো ফোন নাকি আসছে ঝাড়খণ্ড থেকে। শনিবার এমনটাই অভিযোগ নিয়ে মুর্শিদাবাদের সুতি থানার দ্বারস্থ হয়েছেন তৃণমূল বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী জাকির হুসেন।
ঘনিষ্ঠ সূত্রে খবর, দু’দিন ধরে তৃণমূল বিধায়ককে তাঁর ব্যক্তিগত হোয়াট্সঅ্যাপ নম্বরে ক্রমাগত একটি বিশেষ নম্বর থেকে ফোন করে গালিগালাজ এবং হুমকি দেওয়া হচ্ছে।বিধায়ককে প্রাণে মেরে ফেলার হুমকিও দিয়েছে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা।
এই অভিযোগ প্রসঙ্গে জেলা পুলিশের এক কর্তা জানান, ঝাড়খণ্ডের একটি নম্বর থেকে ফোন এসেছিল, তা ইতিমধ্যেই চিহ্নিত করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তিকে ধরার জন্য চেষ্টা চালাচ্ছে পুলিশ। এ নিয়ে জঙ্গিপুর পুলিশ জেলার সুপার আনন্দ রায় বলেন, ”তৃণমূল বিধায়কের লিখিত অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ঝাড়খণ্ডের কোনও একটি নম্বর থেকে বিধায়ককে ফোন করা হয়েছিল।”
আর বিধায়ক বলেন, ”বেশ কিছু ‘থ্রেট কল’ পেয়েছি। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। তারা তদন্ত করে দেখবে।”
প্রসঙ্গত,বছর তিনেক আগে রাজ্যের তৎকালীন মন্ত্রী জাকিরের উপর নিমতিতা স্টেশনে প্রাণঘাতী হামলা হয়েছিল। কলকাতা যাওয়ার জন্য নিমতিতা স্টেশন যান ট্রেন ধরতে, সেই সময় সেখানে বোমা বিস্ফোরণ হয়। গুরুতর আহত হন জাকির হোসেন। বর্তমানে সেই ঘটনার তদন্ত করছে এনআইএ।







