দিলীপ ট্রফির গুরুত্বপূর্ণ ম্যাচে ভারত সি অধিনায়ক রুতুরাজ গায়কওয়াড় বড় ধাক্কা খেলেন। ভারত বি-র বিরুদ্ধে ইনিংসের দ্বিতীয় বলেই চোট পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হন তিনি। প্রথম বলেই মুকেশ কুমারের বলে চার মেরেছিলেন গায়কওয়াড়, তবে পরের ডেলিভারিতেই চোটের কারণে তিনি অবসর নিয়ে মাঠ ছাড়েন। কীভাবে চোট লেগেছে, তা এখনও পরিষ্কার নয়। তার জায়গায় রাজত পাটিদার ব্যাট করতে নামেন। প্রথম ওভারেই সাই সুদর্শনের সঙ্গে যোগ দেন।
গায়কওয়াড়ের দল ভারত সি আগের রাউন্ডে ভারত ডি-র বিরুদ্ধে দুর্দান্ত জয় তুলে নিয়েছিল। সেই ম্যাচে ২৩৬ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে গিয়ে রুতুরাজ ৪৮ বলে ৪৬ রান করে দলের ভিত্তি গড়েছিলেন। তবে দ্রুত উইকেট পতনের পর মণব সুতার ও অভিষেক পোরেল দলকে জয়ের দিকে নিয়ে যান।
রুতুরাজ গায়কওয়াড়ের লাল বলের যাত্রা সাম্প্রতিক সময়ে কিছুটা বন্ধর হয়ে উঠেছে। গত বছর দক্ষিণ আফ্রিকা সফরের জন্য ভারতের টেস্ট দলে নির্বাচিত হলেও আঙুলের চোটের কারণে তিনি ছিটকে যান। ২০১৬ সালে মহারাষ্ট্রের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক করা গায়কওয়াড় ইতিমধ্যেই ২০০০-এর বেশি রান করেছেন। যেখানে তার গড় ৪২-এর উপরে, ছয়টি শতরান ও ১০টি অর্ধশতরান রয়েছে।
অন্যদিকে, আনন্তপুরে ময়ঙ্ক আগরওয়াল নেতৃত্বাধীন ভারত এ-র বিরুদ্ধে শ্রেয়াস আইয়ারের ভারত ডি-ও দিলীপ ট্রফির আরেকটি ম্যাচে মুখোমুখি হয়েছে।







