লোকসভা ভোটের আগের দিন পরলোক গমন করলেন প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা কলকাতা পুরনিগমের প্রাক্তন কাউন্সিলর ইকবাল আহমেদ। গত চার বছর ধরে ডায়াবেটিসে কারণে অসুস্থতায় ভুগছিলেন তিনি। আজ, শুক্রবার মৃত্যু হয় তাঁর। মৃত্যুকালে ইকবাল আহমেদের বয়স ছিল ৬৮ বছর।
হুগলির খানাকুল কেন্দ্রেরতিনি বিধায়ক পদে ছিলেন ২০১১ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত।এছাড়া কলকাতা পুরনিগমের ৬২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরও ছিলেন তিনি। পাশপাশি পুরনিগমের ডেপুটি মেয়রের দায়িত্বও পালন করেছিলেন তিনি।
ইকবাল আহমেদ প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও বিশিষ্ট সমাজকর্মী সুলতান আহমেদের সম্পর্কে ভাই ছিলেন। ফুটবলের প্রতি বিশেষ আকর্ষণ ও ভালোবাসা ছিল প্রাক্তন তৃণমূল বিধায়কের। খেলার মাঠের সঙ্গেও ঘনিষ্ঠ যোগাযোগ ছিল তাঁর।
কলকাতার তিন প্রধানের মধ্যে অন্যতম মহামেডান স্পোর্টিং ক্লাবের সঙ্গে প্রায় ২৩ বছর যুক্ত ছিলেন তিনি। তাছাড়াও এক সময় ক্লাবের গ্রাউন্ড সেক্রেটারি ছিলেন। এবং পরে মহামেডানের ফুটবল সচিবও হন। তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন অনেক বিশিষ্টরা।
দেশজুড়ে আজ সপ্তম দফায় লোকসভা নির্বাচন হচ্ছে। ১৯ এপ্রিল, ২৬ এপ্রিল, ৭ মে, ১৩ মে, ২০ মে, ২৫ মে – ষষ্ঠ দফার ভোট ইতিমধ্যেই সমাপ্ত হয়েছে। সপ্তম ধাপে ১ জুন ভোটগ্রহণ হবে। নির্বাচন প্রক্রিয়া চলবে মোট ৪৩ দিন। আগামী ৪ জুন ঘোষণা করা হবে ভোটের ফলাফল।







