আর আগষ্ট মাসের অপেক্ষা নয় , এপ্রিল থেকেই মিলবে বেকার ভাতা । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবারই ঘোষণা করেন যে , এপ্রিল মাসের ১ তারিখ থেকেই , বেকার যুবক যুবতীরা যুবসাথীর ১৫০০ টাকা করে পাবে । রাজনৈতিক মহলের মতে , আসন্ন বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে , এই যুবসাথী প্রকল্প , তৃণমূলের বড় হাতিয়ার হতে পারে । তবে এই যুবসাথী নিয়ে , তৃণমুলেরই এক নেতার মন্তব্য শোরগোল ফেলে দিয়েছে । ঠিক কি বলেছেন তিনি ?
জলপাইগুড়ির ময়নাগুড়ির তৃণমূল টাউন ব্লক সভাপতি বিশ্বজিৎ সেন বলেন , “মাসে এক হাজার টাকার গুটখার খরচ দেবেন দিদি।” ইতিমধ্যেই ভাইরাল হয়েছে , তৃণমূল নেতার বক্তব্যের ভিডিও (ভিডিওর সত্যতা যাচাই করে নি সময় ৩৬৫ )। আর এই ভিডিওকে ঘিরে , ইতিমধ্যেই নানান বিতর্ক শুরু হয়েছে ।
ভাইরাল ভিডিও অনুযায়ী , তৃণমূল নেতার বিশ্বজিৎ সেন বলেন , “দিদি আমাদের কল্পতরুভাবে বিভিন্ন প্রকল্পের সুযোগ সুবিধা দিলেন। মহিলাদের ভোটটা একটা দৃঢ় জায়গায় চলে গেল। পাশাপাশি আমাদের ভোটটা একটু নেগেটিভ দিকে ছিল। সেটাও কিন্তু আমাদের যুব সাথীর মাধ্যমে একটা বড় বার্তা দিদি দিয়ে দিলেন। সেটা আমাদের প্রচারে তুলে ধরতে হবে। আজকালকার যুবকদের একটা বড় অংশ পান গুটখা খায়। তাদের ওই জায়গায় সাহায্য হবে। বলতে হবে, তোর তো মাসে এক হাজার টাকা গুটখার খরচ হয়। ওই টাকাটা তো দিদি দেবেন।”
তৃণমূল নেতার এই ভিডিও ভাইরাল হওয়ার পরেই , বিজেপি মুখপাত্র জগন্নাথ চট্টোপাধ্যায় কটাক্ষ করে বলেন , “আসল কথা বেরিয়ে এসেছে। ২৮ টাকার চোলাই মদটা বলেননি। ওটা আমি বলে দিচ্ছি। পান গুটখা আর ২৮ টাকার চোলাই মদ খেয়েই বাংলার যুবসমাজ যুব সাথী হয়ে থাকবে। এই যুবদের সাথী হচ্ছে এগুলোই। তৃণমূলের পার্টি ক্লাসে যেগুলো শেখানো হয়, সেটাই বলে ফেলেছেন। আসল কথা, এই ঘোষণার মাধ্যমে সরকার বুঝিয়ে দিয়েছে, আগামী ৫ বছর সরকার কোনও পাকা চাকরি দেবে না।”
তবে এই ভিডিওকে আবার AI ভিডিও বলে দাবী করছে রাজ্যের শাসকদল । জলপাইগুড়িরই যুব তৃণমূলের জেলা সভাপতি রামমোহন রায়ের কথায় , “বিশ্বজিৎ সেনের নেতৃত্বকে বিজেপি ভয় পাচ্ছে। এটা AI দিয়ে বানানো ভিডিয়ো। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্পকে খাটো করতেই এই ভিডিয়ো বানানো হয়েছে।”







