জেলা

সাংসদ তহবিলের টাকায় স্কুলে স্মার্ট ক্লাস, তৃণমূল বিধায়ককে না জানানোয় ক্ষোভ

চুঁচুড়ার বাণীমন্দির স্কুলে হঠাৎই পৌঁছে গেলেন হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার স্কুল পরিদর্শনে গিয়ে প্রধান শিক্ষিকা ধৃতি বন্দ্যোপাধ্যায়ের অভিযোগে রীতিমতো বিস্মিত রচনা। জানা গেল, সাংসদের তহবিল থেকে মেয়েদের জন্য স্মার্ট ক্লাসরুম তৈরির কাজ শুরু হয়েছে। আর সেই উদ্যোগ ঘিরেই বেঁধেছে বিতর্ক— আপত্তি তুলেছেন তৃণমূলেরই স্থানীয় বিধায়ক অসিত মজুমদার।

স্কুলের প্রধান শিক্ষিকার অভিযোগ, বিধায়ক কিছুদিন আগে এসে শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে দুর্ব্যবহার করেন এবং জানতে চান, কাদের অনুমতিতে স্মার্ট ক্লাসরুমের কাজ হচ্ছে, কে এই প্রকল্পের বরাত পেয়েছে, কেন তাঁকে জানানো হয়নি। বিষয়টি নিয়ে তিনি শিক্ষকদের অপমানজনক ভাষায় কথা বলেন বলেও অভিযোগ।

এই পরিস্থিতিতে রচনা বলেন, “একই দলে থেকেও একজন বিধায়ক শিক্ষিকাদের অসম্মান করছেন— এটা মেনে নেওয়া যায় না। আমি বাকরুদ্ধ। স্কুলের প্রয়োজন ছিল, আমি সাহায্য করেছি। ভবিষ্যতেও করব। স্বাস্থ্য ও শিক্ষার উন্নয়নে আমার কাজ চলবে। কে কোথায় দাঁড়িয়ে আছে, দেখা যাবে।”

তিনি আরও বলেন, “এই ঘটনা যাঁর জানার কথা তাঁকেই জানাব। উনি (অসিত) হয়তো চান না স্কুলে উন্নয়ন হোক। আমি এর শেষ দেখে ছাড়ব। দলের সাতজন বিধায়কের মধ্যে একজনই হয়তো দলের ভাবমূর্তি নষ্ট করছেন। বয়সের ভারে হয়তো সঠিকভাবে চিন্তা করতে পারছেন না।”

উল্লেখ্য, রচনা ও অসিতের মধ্যকার টানাপোড়েন নতুন নয়। কিছুদিন আগেই রচনার এক কর্মসূচিতে অসিত অনুপস্থিত ছিলেন। আবার অন্য এক অনুষ্ঠানে চুঁচুড়ায় থাকলেও রচনাকে দেখা যায়নি। বিধানসভা নির্বাচনের মুখে এই দলীয় ভাঙন শাসকদলের জন্য অস্বস্তির কারণ হয়ে উঠতে পারে বলে মনে করছেন রাজনৈতিক মহল।

এদিকে বিধায়ক অসিত মজুমদার বলেন, “উনি (রচনা) আমার দলের সাংসদ। উনি যেটা বলেন সেটা আমি বলতে পারি না। যা বলার, আমি দলের মধ্যেই বলব।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.