গতকাল অর্থাৎ রবিবার নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী পদে শপথ নিয়েছেন সন্ধ্যা ৭ টা ২৩ মিনিটে। ফের তৃতীয় বারের মতো প্রধানমন্ত্রীর পদে অধিষ্ঠিত হলেন নরেন্দ্র দামোদর মোদী। গত ২ বছর প্রধানমন্ত্রীর পদ নিয়ে তাকে ভাবতে হয়নি। তিনি একক সরকার গঠন করেছিলেন। কিন্তু এবার গেরুয়া শিবিরের অবস্থায় পতন ঘটেছে। তাই মোদীকে এবার তার সরকার গঠন করতে হয়েছে আরো দুই শরিক দল নিয়ে। জানা গিয়েছে, সোমবার বিকেল পাঁচটা থেকে বৈঠকে বসবে নতুন মন্ত্রিসভা। অন্তত ২ কোটি বাড়িকে প্রধানমন্ত্রী আবাস যোজনার অন্তর্ভুক্ত করা হতে পারে এই বৈঠকে।
গতকাল ৭২ জন সদ্য নির্বাচিত সাংসদ মোদীর পাশাপাশি মন্ত্রী হিসেবে শপথ নেন। নতুন মন্ত্রিসভায় রয়েছেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান, হরিয়ানার মনোহরলাল খট্টর, অসমের সর্বানন্দ সোনওয়াল, বিহারের জিতেন রাম মাঝি এবং কর্নাটকের এইচ ডি কুমারস্বামী- সহ ৬ জন প্রাক্তন মুখ্যমন্ত্রী। মোদীর পাশাপাশি হ্যাটট্রিক আরো একজনেরও। তৃতীয়বারের মতো মন্ত্রিসভায় নির্মলা সীতারমণও গড়লো রেকর্ড। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাও মন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন।
তবে ৭২ জনের ক্যাবিনেট শপথ নিলেও কোন মন্ত্রকের কি দায়িত্ব তা এখনও অজানা। সূত্রের খবর পাওয়া গিয়েছে, মন্ত্রিসভার বৈঠক শুরু হওয়ার আগেই সম্ভবত দপ্তর বন্টনের ঘোষণা হয়ে যাবে। কারণ একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রকের দাবি জানিয়ে রেখেছেন এনডিএর বেশ কয়েকজন শরিক, যার ফলে মন্ত্রক বণ্টনের দিকে নজর থাকবে বিশেষজ্ঞদের। চুলচেরা বিশ্লেষণ চলবে হেভিওয়েট মন্ত্রকগুলির দায়িত্ব কার হাতে গেল তা নিয়ে। পাশাপাশি, প্রধানমন্ত্রী সাউথ ব্লকে নিজের দপ্তরে যাবেন সোমবার সকাল সাড়ে এগারোটা নাগাদ।
সূত্রের খবর, নতুন মন্ত্রিসভা বৈঠক করবে ৭ লোক কল্যাণ মার্গে মোদির বাসভবনে। সম্ভবত প্রধানমন্ত্রীর আবাস যোজনা প্রকল্পের মধ্যে বিকেল পাঁচটার এই বৈঠকেই সম্ভবত ২ কোটি বাড়িকে আনা হবে। শুধু তাই নয় সূত্রের দাবি, আবাসের আর্থিক সহায়তা বাড়িয়ে দেওয়া হতে পারে আরও ৫০ শতাংশ। উল্লেখ্য, চলতি বছরের অন্তর্বর্তীকালীন বাজেটে পেশের সময়েই অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ জানিয়েছিলেন, আরও ২ কোটি বাড়িকে আবাস যোজনার আওতায় আনা হবে। এই বৈঠকে এবার সেই প্রস্তাবেই পড়তে পারে সিলমোহর।







