দেশ

মেট্রোয় জোরে গান বা ফোনে কথা বললেই জরিমানা! নতুন নিয়মে গুনতে হতে পারে ২,৫০০ টাকা

মেট্রোয় যাতায়াতের সময় অনেকেই এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছেন, যেখানে কোনও যাত্রী মোবাইলের স্পিকারে উচ্চস্বরে গান চালিয়ে রেখেছেন বা জোরে ফোনে কথা বলছেন। এতে আশপাশের যাত্রীদের ভোগান্তি বাড়ে। এবার এমন আচরণের বিরুদ্ধে কড়া বার্তা দিল চেন্নাই মেট্রো রেল লিমিটেড। হেডফোন ব্যবহার না করে মেট্রোয় উচ্চস্বরে গান শোনা বা ভিডিও চালানো হলে জরিমানার মুখে পড়তে হতে পারে।

চেন্নাই মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রাপথে মোবাইলের স্পিকারে জোরে গান বাজানো বা উচ্চস্বরে ফোনে কথা বলা থেকে বিরত থাকতে হবে। এর পরিবর্তে হেডফোন বা ইয়ারফোন ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। গত ১৯ জুন নগরোন্নয়ন দপ্তরের জারি করা বিজ্ঞপ্তিতে জন বিশ্বাস আইন, ২০২৬-এর ৫৯ নম্বর ধারায় সংশোধন আনা হয়। সেখানে উল্লেখ করা হয়েছে, কোনও যাত্রীর আচরণে অন্য যাত্রীরা বিরক্ত হলে তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া যাবে। আগে এই ধরনের অপরাধে জরিমানা ছিল ৫০০ টাকা, যা এখন বাড়িয়ে ২,৫০০ টাকা করা হয়েছে।

যাত্রীদের সচেতন করতে গত মাসে বিশেষ প্রচার অভিযানও চালায় চেন্নাই মেট্রো রেল লিমিটেড। সেই প্রচারে যাত্রীদের জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ পরামর্শ দেওয়া হয়েছে—

* তাড়াহুড়ো করে ট্রেনে ওঠার চেষ্টা করবেন না।
* আগে যাত্রীদের নামতে দিন, তারপর উঠুন।
* মেট্রোর দরজার সামনে অযথা ভিড় করবেন না।
* প্ল্যাটফর্মে অপেক্ষার সময় হলুদ নিরাপত্তা রেখা অতিক্রম করবেন না।
* এসকেলেটর ব্যবহারে সতর্ক থাকুন।
* মেট্রোয় গান শোনা বা ভিডিও দেখার সময় অবশ্যই হেডফোন ব্যবহার করুন।

চেন্নাই মেট্রোর এই নির্দেশিকা সাধারণ যাত্রীদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। এর পরেই প্রশ্ন উঠতে শুরু করেছে, কলকাতা মেট্রোতেও কবে এমন নিয়ম চালু হবে। তবে এখনও পর্যন্ত কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ এ বিষয়ে কোনও নতুন নির্দেশিকা বা সিদ্ধান্ত ঘোষণা করেনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.