অভিনেতা রাজেশ শর্মার শারীরিক অবস্থার উন্নতি হলেও এখনও তাঁকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হচ্ছে না। সোমবার বাড়ি ফেরার সম্ভাবনা থাকলেও চিকিৎসকদের সিদ্ধান্তে আপাতত হাসপাতালে পর্যবেক্ষণেই রাখা হয়েছে তাঁকে।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, অভিনেতাকে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) থেকে সাধারণ কেবিনে স্থানান্তর করা হয়েছে। তাঁর শারীরিক অবস্থা এখন স্থিতিশীল হলেও এখনও অক্সিজেনের সহায়তা চলছে। চিকিৎসকদের মতে, সম্পূর্ণ সুস্থতা নিশ্চিত করতে আরও কয়েক দিন পর্যবেক্ষণে রাখা প্রয়োজন।
এর আগে রাজেশ শর্মার ঘনিষ্ঠ সহকারী জানিয়েছিলেন, অভিনেতার জ্বর ও শ্বাসকষ্ট অনেকটাই কমেছে। রক্তে শর্করার মাত্রাও স্বাভাবিক হয়েছে। সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে শুক্রবার তাঁর একটি ছোট অস্ত্রোপচার করা হয়, যা সফল হয়েছে বলে চিকিৎসকেরা জানিয়েছেন।
এদিকে অভিনেতার অসুস্থতা ঘিরে ছড়িয়ে পড়া নানা জল্পনা নিয়েও শুরু হয়েছে বিতর্ক। প্রথমে দাবি করা হয়েছিল, হায়দরাবাদে একটি ছবির শুটিং চলাকালীন বিষাক্ত পোকার কামড়ে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। সেই খবর প্রকাশ্যে আসতেই বিষয়টি নিয়ে প্রশ্ন তোলে চলচ্চিত্র কর্মীদের একটি সংগঠন।
তবে রাজেশ শর্মার ঘনিষ্ঠ মহল সেই দাবি সম্পূর্ণ অস্বীকার করেছে। তাঁদের বক্তব্য, হায়দরাবাদে শুটিংয়ের সময় কোনও দুর্ঘটনা ঘটেনি। কলকাতায় ফেরার পর রক্তে শর্করার মাত্রা বেড়ে যাওয়ায় তাঁর পা ফুলে যায়। পরে ওই অংশে সংক্রমণ ছড়িয়ে পড়ে, যার জেরেই জ্বর ও শারীরিক জটিলতা দেখা দেয়।
রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল খাঁ হাসপাতালে গিয়ে অভিনেতার সঙ্গে দেখা করেছেন। পাশাপাশি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও তাঁর দ্রুত আরোগ্য কামনা করে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন।
চিকিৎসকদের আশা, সংক্রমণ পুরোপুরি নিয়ন্ত্রণে এলে এবং শারীরিক অবস্থার আরও উন্নতি হলে তবেই রাজেশ শর্মাকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হবে।






