জামাইষষ্ঠীর দিন আকাশ ছোঁয়া দাম বাড়লো সবজি থেকে মাছ মাংসের। তাই জামাইয়ের পাতে কি দেবেন তা নিয়ে চিন্তায় পড়েছে মধ্যবিত্ত বাড়ির শ্বশুর-শাশুড়িরা। এদিন ফলের দাম যেমন ঊর্ধ্বমুখী, তেমনি বাজারে দেখা মিলছে না মাছের রাজা ইলিশের। তাই এবারের জামাইষষ্ঠীতে মধ্যবিত্তদের কপালে পড়েছে চিন্তার ভাঁজ।
এদিন গড়িয়াহাট বাজারে ইলিশ মাছের দাম ১৫০০ টাকা, ট্যাংরা ৫০০ টাকা, পাবদা ৪০০ টাকা।বাগদা চিংড়ি ৯০০ টাকা,গলদা ১২০০ টাকা, পমফ্রেট ৯০০ টাকা কেজি। শুধু মাছই নয় জামাইষষ্ঠীর দিন দাম বৃদ্ধি মাংসেরও। এদিন চিকেন ২৭০, পাঁঠার মাংস ৮২০-৮৬০ টাকা, পোল্ট্রির ডিম ৭ টাকা। এখান থেকেই স্পষ্ট যে জামাইষষ্ঠীর দিন তুঙ্গে বাজারদর। পাশাপাশি জামাইয়ের পাতে দিতেই হবে ফলের রাজা আম।এদিন লিচু দাম বেড়ে হল ১৮০ টাকা কেজি,এবং হিমসাগর আম ১৫০ টাকা।
প্রশ্ন উঠছে, জামাইষষ্ঠীর দিনই আচমকাই বাজার-দর কেন বাড়ল? প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে কিছুদিন আগেই বঙ্গে এসেছিল রেমল ঘূর্ণিঝড়ের ধাক্কা। তাতেই নষ্ট হয়েছে বিপুল ফসল। শুধু তাই নয় তীব্র দাবদাহে ফলেও সবজির ফলন কমছে। চাহিদার তুলনায় যোগান অনেকটাই হ্রাস পেয়েছে। তাতেই দাম চড়া হচ্ছে সবজির। স্বাভাবিক ভাবেই সব জিনিসের অগ্নিমূল্য চিন্তায় ফেলেছে মধ্যবিত্তকে। কবে কমবে বাজার-দর সেই দিকেই তাকিয়ে রয়েছে সাধারণ মানুষ।







