রাজ্য

চিংড়িঘাটা মেট্রো ইস্যুতে রাজ্যকে ধাক্কা, হাই কোর্টের নির্দেশই বহাল সুপ্রিম কোর্ট

চিংড়িঘাটা মেট্রো প্রকল্পের বকেয়া কাজ নিয়ে গুরুত্বপূর্ণ অবস্থান নিল দেশের সর্বোচ্চ আদালত। সোমবার শীর্ষ আদালত স্পষ্ট জানিয়ে দিল, এ বিষয়ে কলকাতা হাই কোর্ট যে নির্দেশ দিয়েছে, সেটাই বহাল থাকবে এবং তাতে কোনো হস্তক্ষেপ করা হবে না।

উল্লেখ্য, হাই কোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে পশ্চিমবঙ্গ সরকার সুপ্রিম কোর্টে আবেদন করেছিল। কিন্তু শুনানির শুরু থেকেই রাজ্যের অবস্থান নিয়ে অসন্তোষ প্রকাশ করে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ। বেঞ্চে ছিলেন বিচারপতি সূর্য কান্ত, জয়মাল্য বাগচী এবং বিপুল মনুভাই পাঞ্চোলি। আদালত সাফ জানিয়ে দেয়, জনস্বার্থে তৈরি উন্নয়নমূলক প্রকল্প নিয়ে রাজনৈতিক টানাপোড়েন গ্রহণযোগ্য নয়।

শুনানিতে প্রধান বিচারপতি রাজ্যের আইনজীবীকে বলেন, এই মামলায় শীর্ষ আদালত হস্তক্ষেপ করবে না। বরং রাজ্যকে আবেদন প্রত্যাহারের সুযোগ দেওয়া হচ্ছে। অন্যথায় আদালত সরাসরি মামলাটি খারিজ করে দিতে পারে বলেও সতর্ক করা হয়। আদালত আরও জানায়, হাই কোর্ট যে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়েছে, সেই সময়ের মধ্যেই প্রকল্পের কাজ শেষ করতে হবে এবং পুরো প্রক্রিয়ার তদারকি করবে হাই কোর্টই।

এদিন আদালত রাজ্য সরকারের ভূমিকার তীব্র সমালোচনা করে। তাদের পর্যবেক্ষণ, চিংড়িঘাটা মেট্রো প্রকল্পে রাজ্য তার সাংবিধানিক দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে এবং উন্নয়নের কাজ এগোতে বাধা দেওয়া হচ্ছে এক ধরনের ‘জেদ’ থেকে। এর আগে মেট্রো রেল কর্তৃপক্ষ অভিযোগ করেছিল, প্রয়োজনীয় সহযোগিতার অভাবে কাজ আটকে রয়েছে।

এই রায়ের ফলে স্পষ্ট, প্রকল্পের জট কাটাতে এখন রাজ্যকে হাই কোর্টের নির্দেশ মেনেই এগোতে হবে। আইনজ্ঞদের মতে, এতে চিংড়িঘাটা মেট্রো প্রকল্প দ্রুত সম্পূর্ণ হওয়ার পথ অনেকটাই পরিষ্কার হল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.