রাজনীতি

কাকলির বিস্ফোরক ইস্তফা, তৃণমূল নেতৃত্বকে নিশানা করে সব পদ ছাড়লেন বারাসতের সাংসদ

শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে একের পর এক অভিযোগ তুলে তৃণমূলের সমস্ত সাংগঠনিক পদ থেকে সরে দাঁড়ালেন বারাসতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। মঙ্গলবার কল্যাণীতে মুখ্যমন্ত্রী Suvendu Adhikari-র প্রশাসনিক বৈঠকে উপস্থিত থাকার পর থেকেই রাজনৈতিক মহলে জল্পনা বাড়ছিল। তার মধ্যেই বুধবার দলের রাজ্য সভাপতি Subrata Bakshi-কে চিঠি পাঠিয়ে নিজের ইস্তফার কথা জানান তিনি।

চিঠিতে কাকলি ঘোষ দস্তিদার জানান, অল ইন্ডিয়া তৃণমূল মহিলা কংগ্রেসের চেয়ারপার্সন পদ-সহ দলের বিভিন্ন সাংগঠনিক দায়িত্ব থেকে তিনি অব্যাহতি চাইছেন। একই সঙ্গে নাম না করেই শ্রীরামপুরের সাংসদ Kalyan Banerjee-র বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তিনি। তাঁর অভিযোগ, মহিলা সাংসদের প্রতি এক দলীয় সাংসদের অশোভন আচরণের বিরুদ্ধে পদক্ষেপ করা যায়নি, এমনকি শীর্ষ নেতৃত্বের কাছ থেকেও কোনও সহানুভূতি বা সহযোগিতা মেলেনি। তাই ওই পদে থেকে কাজ চালিয়ে যাওয়ার কোনও অর্থ নেই বলেই মন্তব্য করেন তিনি।

এছাড়াও আর জি কর কাণ্ড, রেশন দুর্নীতি-সহ একাধিক বিতর্কিত ইস্যুতে দলের উচ্চ নেতৃত্বের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন কাকলি। উল্লেখ্য, ছাব্বিশের বিধানসভা নির্বাচনে দলের খারাপ ফলের পর লোকসভায় মুখ্য সচেতকের দায়িত্ব থেকে তাঁকে সরিয়ে দেওয়া হয়েছিল। তারপর থেকেই দলীয় নেতৃত্ব ও আইপ্যাকের বিরুদ্ধে প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করতে শুরু করেন তিনি। এমনকি বারাসত জেলা সভাপতির পদ থেকেও সরে দাঁড়ানোর কথা ঘোষণা করেছিলেন সাংসদ।

মঙ্গলবার কল্যাণীতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশাসনিক বৈঠকে তাঁর উপস্থিতি ঘিরে দলবদলের জল্পনা আরও জোরদার হয়। যদিও কাকলির দাবি ছিল, প্রশাসনিক বৈঠকে আমন্ত্রণ পেয়েই তিনি সেখানে গিয়েছিলেন। তবে বুধবারের ইস্তফাপত্রে স্পষ্ট করে তিনি জানান, দলীয় কর্মী হিসেবে কাজ চালিয়ে গেলেও আপাতত কোনও সাংগঠনিক পদে থাকতে চান না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.