ভারতের ক্রীড়া ইতিহাসে এক নতুন সোনালি অধ্যায় রচনা করলেন তামিলনাড়ুর ২৩ বছর বয়সী তারকা অনুপমা রামচন্দ্রন। তিনি হলেন প্রথম ভারতীয় মহিলা যিনি বিশ্ব স্নুকারের সর্বোচ্চ খেতাব জয় করে দেশকে গর্বিত করলেন। আইবিএসএফ ওয়ার্ল্ড স্নুকার (১৫-রেড) চ্যাম্পিয়নশিপের ফাইনালে তিনি হারালেন তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন হংকংয়ের অভিজ্ঞ খেলোয়াড় অন ই-কে।
ফাইনালের লড়াইটি ছিল শ্বাসরুদ্ধকর। চরম উত্তেজনাপূর্ণ ম্যাচে অনুপমা ৩-২ ফ্রেমে জয় ছিনিয়ে নেন। শেষ ফ্রেমে যেকোনো খেলোয়াড়ের পক্ষেই জয় সম্ভব ছিল। একটা সময় হংকংয়ের অন ই-৬০-৬১ পয়েন্টে পিছিয়ে ছিলেন, তবে তাঁর হাতে ছিল ‘ব্ল্যাক’ বল থেকে ৬ পয়েন্ট নিয়ে জয়ের সুযোগ। কিন্তু দুর্ভাগ্যবশত সেই শটটি তিনি মিস করায় শিরোপা উঠল অনুপমার হাতে।
অনুপমার জন্ম ২০০২ সালে চেন্নাইয়ে। খেলার প্রতি তাঁর আকর্ষণ শুরু হয় খুবই অপ্রত্যাশিতভাবে। ১৩ বছর বয়সে গরমের ছুটিতে তিনি মাইলাপুর ক্লাবে বিলিয়ার্ডসের একটি কর্মশালায় যোগ দেন। সেখানেই তিনি এই খেলাটির প্রতি প্রবল টান অনুভব করেন। তাঁর পারিবারিক সদস্য এবং ক্লাবের কোচ দ্রুতই বুঝে যান যে স্নুকার খেলাই তাঁর নিয়তি।অনুপমা এর আগে বহুবার আন্তর্জাতিক মঞ্চে দেশের মুখ উজ্জ্বল করেছেন। তাঁর ঝুলিতে রয়েছে আটটি জাতীয় জুনিয়র খেতাব। ২০১৭ সালে রাশিয়ায় তিনি বিশ্ব অনূর্ধ্ব-১৬ স্নুকার চ্যাম্পিয়ন হয়েছিলেন। এরপর ২০২৩ সালে জিতেছিলেন বিশ্ব স্নুকার কাপ এবং একই বছর বিশ্ব অনূর্ধ্ব-২১ স্নুকার চ্যাম্পিয়ন হন। চলতি বছর (২০২৪) ইউএস উইমেনস ওপেনে রানার্স হয়েছিলেন তিনি। গত মার্চ মাসে তাঁর বিশ্ব র্যাঙ্কিং ছিল ৬। বিশ্ব স্নুকারের এই খেতাব জয়ের ফলে তাঁর সফল ক্যারিয়ারে আরও একটি উজ্জ্বল পালক যুক্ত হলো।







