বৃষ্টি চলছে দক্ষিণবঙ্গে। ভারী বৃষ্টি না হলেও জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হচ্ছে। আবহাওয়া দফতরের মতে, দক্ষিণ ওড়িশার নিম্নচাপটি ধীরে ধীরে মধ্যপ্রদেশের ওপর দিয়ে সরে যাচ্ছে। তবে মৌসুমী বায়ু বাংলা থেকে কিছুটা দূরে সরে গেছে। বর্তমানে এটি গোপালপুরের উপর দিয়ে মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে বলে আবহাওয়া অফিস জানিয়েছে।
আবহাওয়া দফতরের তরফ থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার তথা আজ বৃষ্টির পরিমাণ বেশ কমই থাকবে। হাওড়া, কলকাতা এবং পশ্চিম মেদিনীপুরে আজ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে শুক্রবার থেকে আবহাওয়ার বদল হতে পারে। উপকূলের জেলাগুলিতে ভালো রকমের বর্ষণ (Rainfall Alert) হতে পারে। শনিবার থেকে সোমবার অবধি দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানানো হয়েছে।
হাওয়া অফিস সূত্রে খবর, আগামী শুক্রবার নাগাদ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে আবার একটি নিম্নচাপ তৈরি হতে পারে। আলিপুর আবহাওয়া দফতর মনে করছে, দক্ষিণবঙ্গে এর প্রভাব তুলনামূলক বেশি পড়বে। সেই জন্য উইকেন্ডে দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টি বাড়বে বলে মনে করা হচ্ছে।







