চুরির অপবাদ দিয়ে এক পরিবারকে আটকে রেখে বেধড়ক মারধর এবং তিন জনের চুল কেটে দেওয়ার অভিযোগ উঠল। ঘটনাটি ঘটে ডোমজুড়ের উত্তর কলোড়াতে। পুলিশ সূত্রে খবর, আক্রান্ত পরিবারের এক মেয়ে পাশের বাড়ি আব্বাসউদ্দিন লস্কর, নিজামউদ্দিন লস্কর এবং ঈসা লস্কর এই তিন ওস্তাগরের বাড়িতে পরিচারিকার কাজ করতেন। দিন ২৫ আগে মেয়েটি তার প্রেমিককে বিয়ে করে পালিয়ে যায়। এরপরই ওস্তাগার এর পরিবার সমস্ত রাগ তার বাবা এবং মায়ের উপর পড়ে।
ওই ব্যবসায়ী পরিবারের অভিযোগ পালিয়ে যাওয়ার সময় মেয়েটি বেশ টাকা নিয়ে পালিয়ে যায়। এই অভিযোগে ১৩ দিন আগে মেয়েটির বাবা, মা এবং দাদাকে তাদের কারখানায় ডেকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। একই সঙ্গে তাদের ওই কারখানায় গৃহবন্দী করে রাখা হয়। পরের দিন ওই কারখানার সামনের মাঠে তাদের তিন জনের মাথার চুল কেটে নেওয়া হয় বলে অভিযোগ। যখন মাথার চুল কাটা হয় পুরোটাই মোবাইল ফোনে রেকর্ডিং করা হয়। দিন কয়েক আগে গোটা ছবি ভাইরাল হয়ে যায়। আক্রান্ত পরিবারের অভিযোগ শুধু মারধর করা নয় তাদের বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়। প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়।
মার এবং হুমকির কারণে ওই পরিবার ঘটনাস্থল থেকে প্রায় দশ কিলোমিটার দূরে জগদীশপুরে একটি দূর সম্পর্কের আত্মীয়র বাড়িতে আশ্রয় নেয়। সেখানে কার্যত অভুক্ত অবস্থায় দিন কাটছিল। পরে জগদীশপুর পুলিশ ফাঁড়ির পুলিশ খবর পেয়ে ওই পরিবারকে উদ্ধার করে। আক্রান্ত পরিবার জানিয়েছেন তারা পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করবেন। তারা নিজেদের ঘরে ফিরতে চান। পুলিশের পক্ষ থেকে অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে …..






