রাজ্য

২১শে জুলাইয়ের মঞ্চে তৃনমূলে যোগ দিতে পারেন, বিজেপির ২ হেভিওয়েট নেতা!

কর্মসূচি তৃণমূলের। কিন্তু ২১ জুলাই নিয়ে বেশি খোঁজখবর নিচ্ছে বিজেপিই। রবিবার তৃণমূলের সমাবেশ মঞ্চে যোগ দিতে পারেন এক সাংসদ ও এক প্রাক্তন সাংসদ সহ বেশ কয়েকজন বিজেপি নেতা। এমনই গুঞ্জন শোনা যাচ্ছে গেরুয়া শিবিরের অন্দরে। আর তাই আশঙ্কার মেঘ ক্রমশ ঘন হচ্ছে বিজেপি শিবিরে। ফলে একেবারেই ব্যক্তিগত স্তরে এ ব্যাপারে তত্ত্বতালাশ শুরু করেছেন দলের নেতারা।

তলে তলে কেউ প্রতিপক্ষ শিবিরে যোগাযোগ শুরু করেছেন কি না, তা নিয়েই চর্চা চলছে বঙ্গ বিজেপির অন্দরে।

গতবারের জেতা অনেক আসনেই এবার বাংলায় হারতে হয়েছে বিজেপিকে। পাশাপাশি নির্বাচনে টিকিট প্রাপ্তি নিয়েও দায়িত্বপ্রাপ্ত নেতাদের বিরুদ্ধে ক্ষোভ তৈরি হয়েছে অনেক। অন্তত এমনই খবর বিজেপি সূত্রে। এই পরিস্থিতিতে যাবতীয় বিক্ষোভ-অসন্তোষের উদ্গীরণ ২১ জুলাই তৃণমূলের মঞ্চে দেখা যায় কি না, সেই আশঙ্কাই প্রবল হয়ে উঠছে বিজেপি শিবিরে। বিজেপি সূত্র জানাচ্ছে, লোকসভা নির্বাচন আবারও পাঁচ বছর পর। এবার বাংলায় সবক’টি রাজনৈতিক দলেরই অন্যতম প্রধান লক্ষ্য ২০২৬ সালের বিধানসভা নির্বাচন। ফলে তা মাথায় রেখে প্রত্যেক দলই নিজের মতো করে ঘুঁটি সাজাবে। নাম প্রকাশে অনিচ্ছুক বিজেপি নেতারা বলছেন, ‘হাওয়া মোরগ সব দলেই রয়েছে। বিধানসভা নির্বাচনের আগে এ পরিস্থিতি হতেই পারে। তবে দেখতে হবে যাতে, দলের বড়সড় কোনও ক্ষতি না হয়। তাই খোঁজখবর নিয়ে পাল্টা কৌশল তৈরি করে রাখা অত্যন্ত জরুরি।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.