রাজ্য

বিধানসভার আগে বাজল ভোটের ঘণ্টা! ২৮ অক্টোবর থেকে শুরু হচ্ছে SIR ফেজ টু, কীভাবে অনলাইনে সারবেন ফর্ম পূরণের কাজ?

আর মাত্র এক বছর পরেই বাংলায় রয়েছে বিধানসভা নির্বাচন। আর তার আগেই ভোটার তালিকায় নাম সংশোধনের ‘এসআইআর ফেজ টু’-এর ঘণ্টা বেজে যাচ্ছে। আগামী ২৮ অক্টোবর থেকে আমাদের রাজ্যে শুরু হচ্ছে স্পেশাল সামারি রিভিশন বা ভোটার তালিকা সংশোধনের এই গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। এই কাজের জন্য ২৮ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত চলবে প্রশিক্ষণের কাজ। এরপর ৪ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত চলবে বাড়ি-বাড়ি গিয়ে এনুমেরাশেন ফর্ম দেওয়া ও তা জমার কাজ। এই পর্ব শেষ হওয়ার পর ৯ ডিসেম্বর সেই ফর্মের ভিত্তিতে প্রকাশিত হবে খসড়া ভোটার তালিকা। ওই দিন থেকেই টানা ৮ জানুয়ারি, ২০২৬ সাল পর্যন্ত গ্রহণ করা হবে অভিযোগ ও আবেদন। এই সময়েই শুরু হয়ে যাবে বাড়ি-বাড়ি ভেরিফিকেশনের কাজ, যা চলবে ৯ ডিসেম্বর থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত। সবশেষে, আগামী ৭ ফেব্রুয়ারি প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা। তবে, আপনি কীভাবে এর ফর্ম পূরণ করবেন, সেই প্রক্রিয়াটি জেনে রাখা জরুরি।

অনলাইনে ফর্ম পূরণের ধাপ:

ভোটার সার্ভিস পোর্টালে যান: প্রথমেই আপনাকে আপনার ওয়েব ব্রাউজারে গিয়ে ‘ভোটার সার্ভিস পোর্টাল’ লিখে সার্চ করতে হবে। সেখানে নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট দেখাবে। সেই সাইটে ঢুকে ‘ইনুমারেশন ফর্ম’ বা তালিকাভুক্তি ফর্মটি সিলেক্ট করতে হবে। এখানে অনলাইন না অফলাইন ফর্ম পূরণের অপশন পাবেন। অফলাইন পছন্দ করলে ডিটেইলস দিয়ে একটি ফর্ম জেনারেট করে নিতে পারেন, আর অনলাইনে হলে প্রক্রিয়াটি শুরু করতে হবে।

লগইন করুন ও ব্যক্তিগত তথ্য আপডেট করুন: প্রথমে নিজের ফোন নম্বর দিয়ে সাইন আপ বা লগইন করতে হবে। আইডি তৈরি করা না থাকলে আগে সাইন আপ করে নিতে হবে। একবার লগইন হয়ে গেলে, আপনার এপিক নম্বর বা ভোটার আইডি কার্ডের নম্বর দিলেই ওয়েবসাইট আপনার সমস্ত ডিটেইলস স্বয়ংক্রিয়ভাবে নিয়ে নেবে। এরপর আপনাকে একটি পাসপোর্ট সাইজের ছবির স্ক্যানড কপি আপলোড করতে হবে। তারপর জন্মতারিখ, আধার নম্বর, বাবা ও মায়ের নাম এবং তাঁদের ভোটার কার্ডের নম্বর আপডেট করতে হবে। তবে আধার নম্বর এবং বাবা-মায়ের ভোটার কার্ডের নম্বর আপডেট করাটা ঐচ্ছিক বিষয়।

ডকুমেন্ট ও সই আপলোড: ছবি আপলোড করার পর, সব শেষে আপনার নিজের সই আপলোড করতে হবে। একটি সাদা কাগজে নীল বা কালো কালিতে সই করে সেটিকে স্ক্যান করে আপলোড করতে হবে। এরপর সমস্ত ডিটেলসের পেজটি সাবমিট করতে হবে।

ডিক্ল্যারেশন ও পুরনো তালিকা সংক্রান্ত প্রক্রিয়া (যদি প্রয়োজন হয়): পরবর্তী ডিক্ল্যারেশন পেজে আপনি একাধিক অপশন পাবেন। যদি আপনি ২০০২ সালের আগে ভোটাধিকার পেয়ে থাকেন, তবে সেই তালিকা সংক্রান্ত অপশন সিলেক্ট করতে হবে। পুনর্বিন্যাসের কারণে আপনার বিধানসভা বদলে গিয়ে থাকতে পারে, সেক্ষেত্রে ২০০২ সালে আপনার বিধানসভা কোনটি ছিল, তা উল্লেখ করতে হবে। এমনকি পুরনো এপিক নম্বর লেখারও জায়গা রয়েছে। সব ডিটেলস দেওয়ার পর সাবমিট করে দিতে হবে এবং ২০০২-এর ভোটার তালিকার স্ক্যানড কপি (যেখানে আপনার নাম চিহ্নিত) আপলোড করতে হবে।

জন্ম তারিখ সংক্রান্ত অতিরিক্ত ডকুমেন্ট (যাঁদের জন্য প্রয়োজন): যাঁদের নাম ২০০২ সালের তালিকায় ছিল না, তাঁদের জন্য প্রক্রিয়াটি কিছুটা দীর্ঘ।

১৯৮৭ সালের আগে জন্ম: যেকোনো সরকারি পরিচয়পত্র, জন্ম শংসাপত্র, পাসপোর্ট, মাধ্যমিক সার্টিফিকেট বা কাস্ট সার্টিফিকেট সহ একাধিক ডকুমেন্টের মধ্যে যেকোনো একটি আপলোড করতে হবে।

১৯৮৭ থেকে ২০০৪ সালের মধ্যে জন্ম: একই ধরনের ডকুমেন্টগুলির পাশাপাশি বাবা বা মায়ের যেকোনো একটি ডকুমেন্ট বা তাঁদের ভোটার লিস্টে নামের ছবিও দিতে হবে।

২০০৪ সালের পর জন্ম: বাবা ও মা, দুজনেরই প্রয়োজনীয় ডকুমেন্টগুলির মধ্যে একটি করে জমা দিতে হবে।

সবশেষে সাবমিট বাটনে ট্যাপ করলেই আপনার SIR ফর্ম পূরণের কাজ সম্পন্ন হবে।p

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.