রাজ্য

“রবিবার দ্বিতীয় হুগলি সেতু-সহ কোনা এক্সপ্রেসওয়ে অচল সাড়ে ১৭ ঘণ্টা, যানবাহনের ভরসা শুধু বিকল্প রাস্তায়”

রবিবার সকাল থেকে বড়সড় ভোগান্তির মুখে পড়তে চলেছেন গাড়িচালকরা। দ্বিতীয় হুগলি সেতু তথা বিদ্যাসাগর সেতু এবং কোনা এক্সপ্রেসওয়ে থাকছে টানা প্রায় সাড়ে ১৭ ঘণ্টা বন্ধ। শনিবার হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ভোর ৪টে থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত চলবে মেরামতি ও নির্মাণকাজ। কাজের দায়িত্বে থাকবে হুগলি রিভার ব্রিজ় কমিশনার্স (এইচআরবিসি)। এদিন সেতুর সংস্কারের পাশাপাশি কোনা এক্সপ্রেসওয়ের সাঁতরাগাছি বাস টার্মিনাস সংলগ্ন এলাকায় ‘এলিভেটেড করিডর’-এর জন্য স্টিলের বিম বসানোর কাজও চলবে। ছুটির দিন হওয়ায় বিশেষভাবে এই সময় বেছে নেওয়া হয়েছে।

এই কারণে কলকাতা ও হাওড়ার মধ্যে গাড়ি চলাচলে বড় রদবদল আনছে পুলিশ। হাওড়া থেকে কলকাতাগামী এবং কলকাতা থেকে হাওড়াগামী যানবাহন ঘুরিয়ে দেওয়া হবে বিকল্প রুটে।

কোন কোন বিকল্প রাস্তা খোলা থাকবে?

কোলাঘাট দিক থেকে আসা গাড়িগুলোকে ধুলাগড়–নিবড়া–সলপ–পাকুড়িয়া–সিসিআর সেতু হয়ে নিবেদিতা সেতু ব্যবহার করতে হবে।

ডানকুনি থেকে কলকাতামুখী যানবাহনও একইভাবে নিবেদিতা সেতু ধরতে পারবে।

কলকাতা থেকে হাওড়াগামী যানবাহনের জন্য খোলা থাকবে হাওড়া ব্রিজ় ও নিবেদিতা সেতু।

পণ্যবাহী গাড়ি বাদে কোলাঘাটমুখী গাড়িগুলোকে কাজীপাড়া–জিটি রোড–আন্দুল রোড–আলমপুর–১৬ নম্বর জাতীয় সড়ক–ধুলাগড়–রানিহাটি রুট ধরে যেতে হবে।

ডানকুনিমুখী গাড়ি (পণ্যবাহী বাদে) শৈলেন মান্না সরণি হয়ে শানপুর মোড়, হাওড়া–আমতা রোড ও সলপ ঘুরে জাতীয় সড়ক ধরতে পারবে।

নিবড়া থেকে সাঁতরাগাছিমুখী ছোট গাড়িগুলোকে জগাছা–মহিয়াড়ি রোড ব্যবহার করতে হবে।

হাওড়া সিটি পুলিশের ডিসি (ট্রাফিক) সুজাতা বীণাপাণি জানান, “কোলাঘাট থেকে বিদ্যাসাগর সেতুমুখী গাড়িগুলোকে নিবেদিতা সেতু দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে। কলকাতা থেকে হাওড়ামুখী যানবাহনকেও হাওড়া ব্রিজ় অথবা নিবেদিতা সেতু ব্যবহার করতে হবে। মালবাহী গাড়ি ছাড়া বাস ও অন্যান্য গাড়ি কাজীপাড়া–আন্দুল রোড হয়ে সরাসরি আলমপুর দিয়ে জাতীয় সড়কে উঠতে পারবে।” তিনি আরও জানান, “কিছু যানবাহন হ্যাংস্যাং ক্রসিং, বেলেপোল, শৈলেন মান্না সরণি, হাওড়া–আমতা রোড হয়ে ডোমজুড় দিয়ে ডানকুনির দিকে যাবে। আবার কিছু গাড়িকে জিটি রোড–বালি–মাইতিপাড়া হয়ে ঘুরিয়ে দেওয়া হবে।”

রবিবার রাত সাড়ে ৯টার পর থেকে আবার স্বাভাবিক হবে যান চলাচল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.