শ্রাবণ মাসের প্রথম সোমবার শিবের মাথায় জল ঢালা মানেই শিব ভক্তদের কাছে পূর্ণ অর্জন করার বিশেষ দিন।প্রতিবছরের মতো এ বছরও কাঁকসার আড়া শিব মন্দিরে তাই সোমবার সকাল থেকেই শিবের মাথায় জল ঢালার জন্য ভক্তদের লম্বা লাইন চোখে পড়ে। বহু প্রাচীন এই শিব মন্দিরে দূর দূরান্ত থেকে শিবের ভক্তরা শিবের মাথায় জল ঢালতে মন্দির প্রাঙ্গণে ভিড় জমান। এবছরও শ্রাবণ মাসের প্রথম সোমবার উপলক্ষে সকাল থেকেই লম্বা লাইন চোখে পড়ে। শুধুমাত্র পশ্চিম বর্ধমান জেলা নয় আশেপাশের বিভিন্ন জেলা থেকে ভক্তরা এই মন্দিরে শিবের মাথায় জল ঢালতে আসেন। শোনা যায় রাজা বল্লাল সেনের আমলে তৈরি হয় এই শিব মন্দির। যা রাঢ়েস্বর শিব মন্দির নামে পরিচিত। ভক্তরা অনেকেই মন্দিরের দুই প্রান্তে অবস্থিত দামোদর এবং অজয় নদ থেকে জল নিয়ে পায়ে হেঁটে মন্দির প্রাঙ্গণে পৌঁছে শিবের মাথায় জল ঢালেন। প্রতিবছরের মতো এ বছরও শ্রাবণ মাস উপলক্ষে বসেছে মন্দির প্রাঙ্গণে মেলা। ভক্তদের যাতে কোনরকম সমস্যা না হয় তাই গোটা মন্দির প্রাঙ্গনে বাঁশ দিয়ে ব্যারিকেট করে সাধারন মানুষকে মন্দিরে প্রবেশের ব্যবস্থা করা হয়েছে। ভক্তদের জল ঢালতে যাতে কোন সমস্যা না হয় তাই মন্দিরের বাইরে একটি চোঙের ব্যবস্থা করা হয়েছে। সেখানে জল ঢাললে পাইপ এর মাধ্যমে জল সোজা শিব লিঙ্গের মাথায় এসে পড়ছে। এছাড়াও মন্দির প্রাঙ্গণে যাতে কোন রকম অপরাধ জনিত ঘটনা না ঘটে। তাই মন্দিরের আশেপাশে লাগানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। বিভিন্ন সংগঠনের পক্ষ থেকেও ভক্তদের সুবিধার্থে ক্যাম্প করা হয়েছে যেখান থেকে চিকিৎসার ব্যবস্থাও করেছেন তারা। এই মন্দির প্রাঙ্গণেই এক যুবককে শিবের সং সেজে হাতে ডুগডুগি বাজিয়ে ভক্তদের মনোরঞ্জন করতে দেখা যায়। ওই যুবক জানিয়েছেন তিনি বিভিন্ন সময় নানান দেবতার সং সেজে ভিক্ষাবৃত্তি করে বেড়ান। সাধারণ মানুষের কাছ থেকে সংগ্রহ করা অর্থ দিয়েই তার সংসার চলে।
অন্যদিকে শিবের মাথায় জল ঢালতে আসা শিবের ভক্তরা জানিয়েছেন মন্দিরের বাবা শিব অত্যন্ত জাগ্রত। এই মন্দিরে অনেকেই নিজের মনস্কামনা করে তার ফল পেয়েছেন। সেই কারণে বহু মানুষ আজও ভক্তি শ্রদ্ধা এবং আস্থার উপর বিশ্বাস করে প্রতি বছর শ্রাবণ মাসে শিবের মাথায় জল ঢালতে আসেন।
শ্রাবণ মাসে বিশেষ করে সোমবারে মন্দির প্রাঙ্গনে ভক্তের বিপুল পরিমাণে সমাগম হওয়ার কারণে এদিন সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে কড়া নজরদারিতে মোতায়ন ছিল কাঁকসা থানার পুলিশ।







