দুষ্কৃতীদের ধরতে গিয়ে ফের আক্রান্ত হলো পুলিশ।মাঝরাতে সন্দেহভাজন গাড়ি আটকাতেই পুলিশকে লক্ষ্য করে তিন রাউন্ড গুলি চালানো হয়। কোনো রকমে প্রাণে বাঁচেন জলপাইগুড়ির কোতোয়ালি থানার পুলিশ কর্মীরা। কিছুদিন আগে একইভাবে পুলিশকে লক্ষ্য করে গুলি চলেছিল দক্ষিণ ২৪ পরগনার কুলতলিতে।
পুলিশ কর্মীরা জানান সোয়া দুটো সেই গাড়িতে করে ৫-৬ জনের সশস্ত্র দুষ্কৃতী সোনা ব্যবসায়ী সুরেন্দ্র শার বাড়ির সামনে জড়ো হয়।তাদের উদ্দেশ্য ছিল ডাকাতি। বাড়ির বাইরের গেটের তালা ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করে তারা।সেই সময়ই ঘটনাস্থলে পৌঁছে যায় কোতোয়ালি থানার দায়িত্বে থাকা পুলিশ।
জলপাইগুড়ি শহরের দিনবাজার এলাকায় রাস্তার পাশে একটি সন্দেহজনক গাড়ি রাখা ছিল। তা দেখেই গাড়ির চালককে জিজ্ঞাসাবাদ করা শুরু করেন টহল দেওয়া পুলিশ কর্মীরা। সেই সময় উলটো দিক থেকে দুষ্কৃতীরা এসে পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়।তিন রাউন্ড গুলি চালিয়ে গাড়ি নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীর দল।
দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করেছে কোতোয়ালিয়া থানার পুলিশ। প্রাথমিক তদন্তে অনুমান, দুষ্কৃতীরা বহিরাগত। রীতিমতো পরিকল্পনা করেই ডাকাতি করতে জড়ো হয়েছিল তারা। সোনা ব্যবসায়ী সুরেন্দ্র শা টার্গেট ছিল দুষ্কৃতীদের। তাঁর বাড়ির নিচে চারজন কুলি রাতে থাকতেন। তারা সকলেই বিহারের বাসিন্দা। জিজ্ঞাসাবাদের জন্য চারজনকেই থানায় নিয়ে এসেছে কোতোয়ালি থানার পুলিশ।







