বৃহস্পতিবার দিল্লি যাওয়ার কথা ছিল বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়ের। সূত্রের খবর, শেষ মুহূর্তে সেই সফর বাতিল করেছেন মুখ্যমন্ত্রী।
২৭ জুলাই নীতি আয়োগের বৈঠক রয়েছে। প্রধানমন্ত্রীর ওই বৈঠকে যোগ দিতে দিল্লি যাওয়ার কথা ছিল মমতার।
একই সঙ্গে দলের সাংসদদের সঙ্গেও বৈঠক করার কথা ছিল তৃৃণমূল নেত্রীর। বৃহস্পতিবারের সফর বাতিল হওয়ায় শনিবার নীতি আয়োগের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় আদৌ উপস্থিত থাকবেন কিনা, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
প্রসঙ্গত, মঙ্গলবার ‘নজিরবিহীন’, ‘একপেশে’ বাজেট পেশ করার প্রতিবাদে নীতি আয়োগের গুরুত্বপূর্ণ বৈঠকটি বয়কটের সিদ্ধান্ত নিয়েছেন ইন্ডিয়া জোটের বেশিরভাগ মুখ্যমন্ত্রী। এ ব্যাপারে তৃণমূল অবশ্য সম্পূর্ণ ভিন্ন বক্তব্যের কথা শুনিয়েছিল। দলের নেতা ডেরেক ও ব্রায়েন সংবাদ মাধ্যমকে বলেছিলেন, তৃণমূল কংগ্রেস বাকি বিরোধী দলগুলির সঙ্গে একযোগে সংসদে লড়াই করছে। করেও যাবে। তাই বলে জোটের সব সিদ্ধান্তে দলের সায় নাও থাকতে পারে।
ফলে জোট ধর্ম পালনের কারণেই অন্য রাজ্যের মুখ্যমন্ত্রীদের মতো মমতাও নীতি আয়োগের বৈঠক বয়কট করলেন কিনা, তা এখনও স্পষ্ট নয়। তবে জানা যাচ্ছে, বৃহস্পতিবার দিল্লি যাচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।







