ভারতীয় ফুটবলে শুরু হতে চলেছে নতুন এক অধ্যায়। প্রথমবারের মতো চিফ এগজিকিউটিভ অফিসার বা সিইও নিয়োগ করতে চলেছে ইন্ডিয়ান সুপার লিগ (ISL)। নতুন ‘ক্লাব-লেড’ বা ক্লাব-কেন্দ্রিক কাঠামোয় এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন করণ যাদব।
আগামী ১০ অক্টোবর থেকে শুরু হবে আইএসএলের নতুন মরসুম। তার আগেই লিগ পরিচালনার ক্ষেত্রে বড়সড় পরিবর্তন আনা হল। আইএসএলের ইতিহাসে প্রথম সিইও হিসেবে লিগের প্রশাসনিক দায়িত্ব সামলাবেন করণ। তাঁর দায়িত্বের মধ্যে থাকবে লিগের সামগ্রিক কৌশল নির্ধারণ, বাণিজ্যিক সম্পর্কের পরিধি বাড়ানো এবং প্রতিটি ফ্র্যাঞ্চাইজি ক্লাবের সঙ্গে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (AIFF)-এর সমন্বয় আরও মজবুত করা। একইসঙ্গে সম্প্রচারকারী সংস্থা ও স্পনসরদের সঙ্গে সম্পর্ক আরও উন্নত করার দিকেও নজর দেবেন তিনি। আইএসএলের আর্থিক ও সাংগঠনিকভাবে দীর্ঘমেয়াদি উন্নতির জন্য একটি কার্যকর পরিকল্পনা তৈরি করাও তাঁর অন্যতম প্রধান দায়িত্ব।
ক্রীড়া প্রশাসন, মিডিয়া, মার্কেটিং, কমার্শিয়াল স্ট্র্যাটেজি এবং অপারেশনস ক্ষেত্রে প্রায় দুই দশকের অভিজ্ঞতা রয়েছে করণের। ফুটবলের সঙ্গে তাঁর পেশাগত সম্পর্ক তৈরি হয় ২০১০ সালে। ফুটবলকেন্দ্রিক জনপ্রিয় ডিজিটাল প্রকাশনা ‘দ্য হার্ড ট্যাকল’-এর সহ-প্রতিষ্ঠাতা হিসেবে তাঁর কর্মজীবনের গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা। পরবর্তীতে সেখানেই এডিটর-ইন-চিফের দায়িত্ব পালন করেন। সেই সময়ে ৫০ জনেরও বেশি লেখক এবং ১০ জন সম্পাদকের আন্তর্জাতিক দলের নেতৃত্ব দিয়েছিলেন তিনি।
এরপর স্পোর্টস রাইটস ম্যানেজমেন্ট, স্পনসরশিপ এবং অ্যাথলিট ম্যানেজমেন্টের মতো ক্ষেত্রেও কাজ করেছেন করণ। ওয়েভমেকারে স্পোর্টস ও কনটেন্ট বিভাগের নেতৃত্ব দেওয়ার পাশাপাশি অ্যাকো-তে স্পোর্টস স্পনসরশিপের প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। সম্প্রতি জেএসডব্লিউ স্পোর্টসের চিফ কমার্শিয়াল অফিসার ছিলেন তিনি। সেখানে স্পোর্টস ফ্র্যাঞ্চাইজি, ব্র্যান্ড কনসাল্টিং এবং ট্যালেন্ট ম্যানেজমেন্ট মিলিয়ে প্রায় ৩০০ কোটি টাকার ব্যবসায়িক দায়িত্ব তাঁর কাঁধে ছিল।
অলিম্পিক চ্যাম্পিয়ন নীরজ চোপড়ার কমার্শিয়াল স্ট্র্যাটেজি তৈরিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল করণের। ২০২৪ প্যারিস অলিম্পিকে ভারতীয় দলের কিট স্পনসর হিসেবে জেএসডব্লিউর চুক্তির ক্ষেত্রেও তাঁর উল্লেখযোগ্য অবদান ছিল। ২০২৫ সালে ‘নীরজ চোপড়া ক্লাসিক’ ইভেন্ট চালু করার ক্ষেত্রেও অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি।
নতুন দায়িত্ব পেয়ে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত করণ যাদব। তাঁর কথায়, আইএসএল বর্তমানে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে এবং আগামী দিনের পথ নির্ধারণে যুক্ত হতে পেরে তিনি রোমাঞ্চিত। তাঁর মতে, ক্লাব-কেন্দ্রিক মডেল লিগকে একটি শক্ত ভিত দিয়েছে। সেই কাঠামোর উপর দাঁড়িয়ে ক্লাব এবং আইএসএলের ম্যানেজিং কমিটির সঙ্গে সমন্বয় করে ভারতীয় ফুটবলের উন্নতির জন্য কাজ করতে চান তিনি।
করণের প্রাথমিক লক্ষ্য লিগ অফিসকে আরও শক্তিশালী ও কার্যকর করে তোলা। পাশাপাশি সম্প্রচার ও বাণিজ্যিক ক্ষেত্রকে আরও বিস্তৃত করা, সমর্থকদের সঙ্গে যোগাযোগ বাড়ানো এবং ক্লাবগুলির আর্থিক স্থায়িত্ব নিশ্চিত করার উপরও জোর দিতে চান তিনি। সব মিলিয়ে ভারতীয় ফুটবলের উন্নয়নে দীর্ঘমেয়াদে কার্যকর ভূমিকা রাখতে পারে, এমন একটি শক্তিশালী ও সুসংগঠিত লিগ গড়ে তোলাই তাঁর লক্ষ্য।







