নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নেওয়ার লক্ষ্যে নিউজিল্যান্ডের সামনে পাকিস্তান। নিউজিল্যান্ড, যাদের সেমিফাইনালে ওঠার সম্ভাবনা প্রবল। শ্রীলঙ্কার বিপক্ষে আট উইকেটে জয় তুলে নিয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে। অপরদিকে পাকিস্তানের সেমিফাইনালে ওঠার সম্ভাবনা খুবই ক্ষীণ। আর এই ম্যাচে পাকিস্তান যদি নিউজিল্যান্ডকে হারিয়ে দেয় অল্প ব্যবধানে তাহলে হরমনপ্রিতরা সেমিতে চলে যেতে পারবে। তখন তিন দলের পয়েন্ট সমান হলেও ভারত নেট রানরেটে (NRR) এগিয়ে থাকবে।
অস্ট্রেলিয়ার কাছে বড় পরাজয়ের পর নিউজিল্যান্ড তাদের ছন্দে ফিরেছে। শ্রীলঙ্কার দেওয়া ১১৬ রানের লক্ষ্যে তারা সহজেই জয় তুলে নেয়। ব্যাটিং লাইনআপের পুনরুত্থান হয়েছে, বিশেষ করে জর্জিয়া প্লিমারের ফর্মে ফেরা। এমেলিয়া কেরের রান ও উইকেটের মধ্যে থাকা দলের জন্য ইতিবাচক। এছাড়াও, রোজমেরি মায়ারের ধারাবাহিক বোলিং দলের শক্তি বাড়িয়েছে। তিন ম্যাচে ছয় উইকেট নিয়ে মায়ার দলের দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারী।
পাকিস্তান দলের জন্য বড় স্বস্তি হচ্ছে অধিনায়ক ফাতিমা সানার ফিরে আসা। বাবার মৃত্যুতে কিছুদিন দলের বাইরে থাকার পর তিনি পুনরায় দলের সঙ্গে যোগ দিয়েছেন। তবে বড় ধাক্কা এসেছে ডায়ানা বেইগের চোটের কারণে, যিনি আর এই টুর্নামেন্টে খেলতে পারবেন না। তার পরিবর্তে নাজিহা আলভি দলে জায়গা পেতে পারেন।
নিউজিল্যান্ডের জন্য সেমিফাইনালের পথ সুগম হলেও পাকিস্তানের জন্য এটা হবে একটি কঠিন লড়াই, যেখানে তাদের শেষ সুযোগ।







