দায়িত্ব গ্রহণের মাত্র সাড়ে তিন মাস, অর্থাৎ ১১৪ দিনের মাথায় নন্দীগ্রামের উন্নয়ন নিয়ে বড়সড় পরিকল্পনার কথা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার নন্দীগ্রামের ১৭টি গ্রাম পঞ্চায়েত এলাকায় ৩২টি নতুন রাস্তা তৈরি ও পুরনো রাস্তা সংস্কার, হরিপুরে নতুন দমকল কেন্দ্রের উদ্বোধন, স্বাস্থ্য পরিকাঠামো আরও মজবুত করা এবং কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের আর্থিক সুবিধা সরাসরি উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানোর কর্মসূচি ঘোষণা করেন তিনি। এই উন্নয়নমূলক কাজের জন্য পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতর, পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ এবং হলদিয়া উন্নয়ন পর্ষদকে ধন্যবাদ জানিয়ে মুখ্যমন্ত্রী দাবি করেন, নন্দীগ্রামের গ্রামীণ উন্নয়নে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে।
যোগাযোগ ব্যবস্থাকে আরও উন্নত করতে ৩২টি রাস্তার নির্মাণ ও সংস্কারের পাশাপাশি জরুরি পরিষেবা দ্রুত পৌঁছে দেওয়ার লক্ষ্যে হরিপুরে নতুন একটি ফায়ার স্টেশন চালু করা হয়েছে। এর ফলে অগ্নিকাণ্ডের মতো জরুরি পরিস্থিতিতে আর কাঁথি বা তমলুক থেকে দমকল আসার অপেক্ষা করতে হবে না।
বহু প্রতীক্ষিত হলদিয়া-নন্দীগ্রাম সেতু নিয়েও বড়সড় আপডেট দেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, সেতু নির্মাণের জন্য মাটি পরীক্ষা, প্রকল্পের এস্টিমেট তৈরি এবং বাজেটে অর্থ বরাদ্দের প্রক্রিয়া ইতিমধ্যেই শেষ হয়েছে। সেতুর ভূমিপুজোয় তিনি নিজে উপস্থিত থাকবেন বলেও জানান। এমনকী সেতুটি চালু হওয়ার পর প্রথম গাড়িটি নিজেই চালিয়ে নিয়ে যাওয়ার ইচ্ছাপ্রকাশ করেন শুভেন্দু।
গ্রামোন্নয়ন এবং সাধারণ মানুষের আর্থিক নিরাপত্তার কথা মাথায় রেখে একাধিক প্রকল্পের সুবিধার কথাও তুলে ধরা হয়।
জব কার্ড ও ‘বিকশিত ভারত জি রাম জি’: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই প্রকল্পের অধীনে জব কার্ডধারীরা বছরে ১২৫ দিন কাজের সুযোগ পাবেন। এর ফলে প্রত্যেক জব কার্ডধারীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে বছরে সরাসরি ৩৪,৫০০ টাকা পৌঁছবে। এই প্রকল্পে মোট ৩১৭ ধরনের কাজের সুযোগ রয়েছে।
স্বনির্ভর গোষ্ঠী: স্বনির্ভর গোষ্ঠীগুলির রিভলভিং ফান্ড এবং কর্মপরিধি বাড়ানোর লক্ষ্যে প্রতিটি অ্যাকাউন্টে ৩০ হাজার টাকা করে দেওয়া হয়েছে।
আবাস যোজনা: প্রথম কিস্তিতে ৬০ হাজার টাকা পাওয়া ৭,৩০০ জন উপভোক্তার অ্যাকাউন্টে দ্বিতীয় কিস্তির আরও ৬০ হাজার টাকা করে পাঠানো হয়েছে। একইসঙ্গে নতুন করে ১১,৭০০টি বাড়ি নির্মাণের জন্য প্রথম কিস্তির ৬০ হাজার টাকা দেওয়ার অনুমোদন, প্রক্রিয়া এবং অর্থ হস্তান্তরও শুরু হয়েছে।
অন্নপূর্ণা যোজনা: অগস্ট মাসে নন্দীগ্রামের ৬৭ হাজার মহিলার অ্যাকাউন্টে ৩ হাজার টাকা করে পাঠানো হয়েছে। আরও ৫ হাজার নাম যাচাইয়ের পর্যায়ে রয়েছে। তাঁরা যোগ্য বলে বিবেচিত হলে তাঁদের অ্যাকাউন্টেও টাকা পাঠানো হবে ।
স্বাস্থ্য পরিষেবার উন্নতির ক্ষেত্রেও একাধিক পদক্ষেপের কথা ঘোষণা করা হয়েছে। গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্র থেকে জেলা হাসপাতাল—সর্বত্র পরিকাঠামো বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে।
হাসপাতাল সংস্কার: রেয়াপাড়া রুরাল হেলথ সেন্টারে শয্যা সংখ্যা ৩০ থেকে বাড়িয়ে ৬০ করা হয়েছে। আমদাবাদ পিএইচসি এবং বয়াল প্রাইমারি হেলথ সেন্টারের সংস্কারও শুরু হয়েছে। মহেশপুর স্বাস্থ্যকেন্দ্রকে উন্নীত করার পাশাপাশি চিকিৎসকদের রাতের সময়ে থাকার জন্য কোয়ার্টার তৈরির কাজও শুরু হয়েছে।
নন্দীগ্রাম হাসপাতাল: নন্দীগ্রাম ডিস্ট্রিক্ট হাসপাতালে ‘মাতৃ মা’ ভবনের নির্মাণকাজ শুরু হয়েছে। সেখানে রোগীদের পরিজনদের থাকার জন্য নাইট শেল্টারের ব্যবস্থা থাকবে। শীঘ্রই চালু হবে ‘প্রধানমন্ত্রী জন ঔষধি কেন্দ্র’। একইসঙ্গে মাত্র ৫ টাকায় খাবার দেওয়ার জন্য চালু করা হয়েছে ‘মা’ ক্যানটিন।
পুলিশ মর্গ: দুর্ঘটনা বা অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় ময়নাতদন্তের জন্য আর তমলুকে যেতে হবে না। নন্দীগ্রামেই নিজস্ব পুলিশ মর্গ চালুর ঘোষণা করা হয়েছে।
বিনামূল্যে ৫ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসার সুযোগের কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রী জানান, নন্দীগ্রামের ২.৫ লক্ষ মানুষকে ‘আয়ুষ্মান ভারত’-এর আওতায় আনা হচ্ছে। পাশাপাশি নিয়মের জটিলতার কারণে এতদিন আটকে থাকা আরও ৮৭ হাজার মানুষকে ‘মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা’র কার্ড দেওয়া হচ্ছে।
শুভেন্দুর দাবি, আগের সরকারের ‘ভুয়ো স্বাস্থ্যসাথী’ কার্ডে রাজ্যের ১,৭০০টি হাসপাতালে চিকিৎসার সুবিধা পাওয়া যেত। কিন্তু নতুন দুই প্রকল্পের আওতায় রাজ্যের ১,৯০০টি সরকারি ও বেসরকারি হাসপাতালের পাশাপাশি দিল্লির এইমস, ভুবনেশ্বর এইমস, ভেলোরের সিএমসি, মুম্বইয়ের টাটা ক্যান্সার হাসপাতাল, বেঙ্গালুরু, চণ্ডীগড়ের পিজিআই, নাগপুর, সুরাট এবং হায়দরাবাদের ড. রেড্ডির মতো নামী হাসপাতালেও চিকিৎসার সুবিধা মিলবে। মুখ্যমন্ত্রী জানান, ১৬ অগস্ট প্রকল্প চালুর পর ৩১ অগস্টের মধ্যেই ১৬,৮০০ জন এর সুবিধা পেয়েছেন।
এরপরই রাজনৈতিক বার্তাও দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “কেন্দ্রামারী, মোহাম্মদপুর, সামসাবাদ—সংখ্যালঘু অধ্যুষিত গ্রামগুলো, একটা ভোটও তো আমাকে দেননি। আজকে বাড়ির টাকা নিয়ে যান আনন্দ করতে করতে, আর আয়ুষ্মান ভারতের কার্ডটা নিয়ে যাবেন।”







