মন্ত্রী অরূপ রায়ের লেটার প্যাড ব্যবহার করে চিঠি ও সই জাল করে রেলের টিকিট কাটার চেষ্টা। শিবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের হওয়ায় তদন্তে হাওড়া সিটি থানার পুলিশ।
গত ৩০ শে জুলাই হাসিবুল মল্লিক নামে এক যুবক দক্ষিণ পূর্ব রেলের চিফ কমার্শিয়াল ম্যানেজারের কাছে একটি চিঠি জমা দেন। ওই চিঠিতে বলা হয় ৩১ জুলাই শালিমার এলটিটি এক্সপ্রেসের স্লিপার ক্লাসে হাসিবুল মল্লিক সহ ২ জন যাত্রীর টিকিট কনফার্ম করে দেওয়ার জন্য মন্ত্রীর অনুরোধ। এই ব্যাপারে রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তরের মন্ত্রী অরূপ রায়ের চিঠি জাল করে তা রেল কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হয়। শুধুমাত্র মন্ত্রীর প্যাড ব্যবহার নয় সই পর্যন্ত নকল করা হয়। এই ঘটনার খবর মন্ত্রীর কাছে পৌঁছায়। মধ্য হাওড়া তৃনমূল যুব কংগ্রেসের সভাপতি অভিষেক চ্যাটার্জি গতকাল এ ব্যাপারে শিবপুর থানায় লিখিত অভিযোগ করেন।তিনি বলেন একটা বড় অসাধু চক্র কাজ করছে।অন্য ধরনের অপরাধ এরা করতে পারে এভাবে মন্ত্রীর লেটার প্যাড ও সই জাল করে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে শিবপুর থানার পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান এ ব্যাপারে একটি অসাধু চক্র কাজ করছে। গোটা ঘটনাটা খতিয়ে দেখা হচ্ছে।







