দিল্লির কালকাজিতে ১৭ বছরের এক নাবালিকাকে গণধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে এক অভিযুক্তকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। তাকে ধরতে গিয়ে পুলিশের সঙ্গে গুলির লড়াই হয় বলে জানিয়েছে পুলিশ। ঘটনায় আরও দুই অভিযুক্তের সন্ধান চলছে।
পুলিশের প্রাথমিক তদন্ত অনুযায়ী, সোমবার সন্ধ্যায় এক বন্ধুর সঙ্গে কালকাজি মন্দিরে গিয়েছিল ওই কিশোরী। পুজো দেওয়ার পর দু’জনে কাছের একটি পার্কে যান। অভিযোগ, সেখানে তিন যুবক তাঁদের সামনে এসে নিজেদের পুলিশকর্মী বলে পরিচয় দেয়। এরপর ভয় দেখিয়ে নাবালিকা ও তাঁর বন্ধুকে নিয়ন্ত্রণে নেওয়া হয়।
পুলিশকে দেওয়া বয়ানে কিশোরী অভিযোগ করেছে, তিন অভিযুক্তের মধ্যে এক জন তাঁর বন্ধুকে আটকে রাখে। এরপর তাঁর উপর যৌন নির্যাতন চালানো হয় বলে অভিযোগ। ঘটনার পর রাত সাড়ে ৮টা নাগাদ পুলিশের কাছে খবর যায়। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ কিশোরীকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করে।
তদন্তের অংশ হিসেবে পার্ক ও সংলগ্ন এলাকার CCTV ফুটেজ খতিয়ে দেখে সন্দেহভাজনদের শনাক্ত করা হয়। এরপর অভিযুক্তদের মধ্যে আসিফ নামে এক যুবককে ধরতে অভিযান চালায় পুলিশ।
পুলিশের দাবি, অভিযুক্তকে আটকানোর সময় সে পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হলেও সে গুলি চালিয়ে যেতে থাকে। পাল্টা গুলিতে তার ডান পায়ে আঘাত লাগে। এরপর তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানিয়েছে, এই ঘটনায় POCSO Act-সহ একাধিক ধারায় মামলা দায়ের হয়েছে। বাকি দুই অভিযুক্তকে গ্রেফতার করতে তল্লাশি অভিযান চলছে। তদন্তে CCTV ফুটেজ ও অন্যান্য তথ্য-প্রমাণ খতিয়ে দেখা হচ্ছে।







