আমেরিকায় থাকার জন্য দেশের রাজনীতিতে তেমন সক্রিয় ছিলেন না সজীব ওয়াসিদ জয়। তবে এবার বাংলাদেশে ফিরতে পারেন সদ্য প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা-পুত্র। শুধু দেশে ফেরাই নয়, ভবিষ্যতে আওয়ামি লিগকে নেতৃত্বও দিতে পারেন তিনি, এমনটাই সংবাদমাধ্যমকে জানিয়েছেন জয়।
এই মুহূর্তে আমেরিকার ওয়াশিংটনে রয়েছেন জয়। শনিবার সংবাদসংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে হাসিনাপুত্রর উবাচ, ‘আমার মা আনুষ্ঠানিকভাবে কখনও পদত্যাগ করেননি। তিনি সেই সময়ই পাননি। মা জাতির উদ্দেশে ভাষণ দিয়ে পদত্যাগপত্র জমা দেওয়ার পরিকল্পনা করেছিলেন। কিন্তু ততক্ষণে আন্দোলনকারীরা প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে মিছিল নিয়ে আসতে শুরু করেছিল। তাই আর বেশি সময় ছিল না। আমার মা নিজের ব্যাগ পর্যন্ত গোছাতে পারেননি। ফলে সংবিধান অনুযায়ী তিনি এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী।’
পাশাপাশি, সাম্প্রতিকতম সময়ে তিনিই এখন আওয়ামি লিগের প্রধান বলেও মন্তব্য করেন জয়। বলেন, ‘স্বাভাবিক বাবে আমিই এখন আওয়ামি লিগের মুখ হয়ে গিয়েছি। আমি এটা চাইনি। রাজনৈতিক উচ্চাভিলাষ নেই আমার। কিন্তু দলের নেতাদের উপর হামলা চলছে, তাঁদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হচ্ছে জানার পরই বুঝতে পারি, ওঁদের এভাবে একা ছেড়ে দিতে পারি না। তাই দলের নেতাদের সঙ্গে যোগাযোগ রাখছি। আমাদের প্রায় সব মন্ত্রীদেরই ঘর পুড়িয়ে দেওয়া হয়েছে। তাই যা করার করব আমি। এখনও আওয়ামি লিগের লক্ষ লক্ষ অনুগামী রয়েছেন। রাতারাতি সব শেষ হয়ে যাবে না।’







