তরুণী চিকিৎসকের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে উত্তপ্ত আর জি মেডিক্যাল হাসপাতাল চত্বর। পাশাপাশি চরম সরগরম গোটা বাংলা। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে কলেজের সেমিনার হলে পিজি দ্বিতীয় বর্ষের ওই শিক্ষার্থীর মৃতদেহ অর্ধনগ্ন অবস্থায় পাওয়া যায়। ছাত্রীর শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলে দাবি করা হয়েছে। রুজু করা হয়েছে ধর্ষণের মামলাও। এরই মধ্যে এই ঘটনাকে কেন্দ্র করে চরম পদক্ষেপ নিলেন নার্সরা।
আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সেমিনার হলের ভিতর থেকে মহিলা স্নাতকোত্তর প্রশিক্ষণার্থী চিকিৎসকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় ন্যায়বিচারের দাবিতে বিক্ষোভ দেখালেন নার্সরা। হাতে প্ল্যাকার্ড, কাগজ হাতে সকলে বিক্ষোভ দেখাচ্ছেন। ‘জবাব চাই জবাব দাও’, ‘আমরা বিচার চাই’, চলছে কর্মবিরতি। জুনিয়র চিকিৎসক এবং নার্সিং পড়ুয়াদের বিক্ষোভে প্রায় ব্যাহত কলকাতার সরকারি হাসপাতালের পরিষেবা।আন্দোলনকারীদের দাবি, অবিলম্বে এই ঘটনায় দোষীদের শাস্তি দিতে হবে।
নতুন করে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে তাই হাসপাতাল চত্বরে বাড়ানো হয়েছে পুলিশি নিরাপত্তা।
গোটা ঘটনায় এখনও পর্যন্ত গ্রেফতার এক। জানা গিয়েছে, ধৃত সঞ্জয় রায় বহিরাগত হলেও হাসপাতালে তাঁর অবাধ যাতায়াত ছিল।চিকিৎসকের দেহ যেখানে পড়েছিল, সেই সেমিনার রুমে পড়ে থাকা একটি ছেঁড়া হেডফোনের সূত্র ধরে পুলিশ সঞ্জয় রায় নামে ওই যুবককে গ্রেফতার। এদিকে কলকাতার হাসপাতালে কর্তৃব্যরত চিকিৎসকের খুনে ঘটনায় উত্তাল গোটা রাজ্য।
শুধু কলকাতায়ই নয়, রাজ্যের বিভিন্ন মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসক ও চিকিৎসাকর্মীরা কর্মবিরতি পালন করে নিরাপত্তার দাবিতে বিক্ষোভ মিছিল বের করেছেন। কিন্তু, হাসপাতালে কেন এই অরাজকতা? তবে, চিকিৎসক এবং নার্সদের নিরাপত্তা কোথায়? এই প্রশ্ন রীতিমতো গাঢ় হচ্ছে!







