আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ পূর্বেই দেয় কলকাতা হাইকোর্ট। তবে এদিন, ১৪ অগাস্টের ভাঙচুরের ঘটনায় সেমিনার হল সুরক্ষিত রয়েছে কিনা, কোনও প্রমাণ লোপাটের চেষ্টা করা হচ্ছে কিনা বা হয়ে গিয়েছে কিনা, তা সিবিআইকে দেখে আসার নির্দেশ দেয় উচ্চ আদালত। পাশাপাশি, সামাজিক মাধ্যমে মৃত নির্যাতিতার ছবি-পরিচয় ভাইরাল হওয়া নিয়েও সরব হন বিচারপতি।
প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের বেঞ্চের তরফে উবাচ, ‘আপনারা যা করছেন সেটা ঘটনার পর। তার আগে থেকে কেন নিরাপত্তা সুনিশ্চিত করতে পারলেন না? সিবিআই তদন্তের নির্দেশের পরেই সেমিনার হলের একটা অংশ ভাঙচুর হয়। ১৪ অগাস্ট রাস্তায় নেমেছেন। সেইদিন রাতেই জন্য ৪০-৫০ জন তারা এসে ডাক্তারদের ওপর হামলা চালায়। পুলিস নিজেদের লুকায় অবস্থানকারীদের পিছনে। তারপর ভাঙচুর চালানো হয় ইমারজেন্সি বিভাগে। সিপি সেদিন বলেন, আমাদের লজেস্টিক সাপোর্ট নেই।’
স্বাধীনতা দিবসের প্রাক-রাত্রে আরজিকর হাসপাতালে হামলার ঘটনায় পুলিসের ভূমিকা প্রসঙ্গে খুশি নয় কলকাতা হাইকোর্ট। আরজিকরে ভাঙচুর এবং যন্ত্রপাতি নষ্ট করার চেষ্টা সংক্রান্ত একটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল হাইকোর্টে।
অন্যদিকে, এদিন মামলার সওয়াল জবাবে একজন আইনজীবী বলেন, নির্যাতিতার ছবি সোশ্যাল মিডিয়ায় প্রচার করা হচ্ছে। যা বন্ধের নির্দেশ দেওয়া উচিত। আদালতের সেক্ষেত্রে জবাব, ‘আমরা সবাইকেই অনুরোধ করছি যাতে নির্যাতিতার ছবি, নাম, পরিচয় এবং বিশদ প্রচার না করা হয়। আমরা সংবাদপত্র এবং মিডিয়াকেও অনুরোধ করছি যাতে রিপোর্টে মৃতের পরিচয় বা ছবি প্রকাশ না করা হয়। এই বিষয়ে নির্দিষ্ট আইন রয়েছে।’







