শিক্ষা বিভাগের কোন কর্মসূচি ছাড়া শিক্ষার্থীদের বিদ্যালয় প্রাঙ্গণের বাইরে কোন কর্মসূচি তে অংশগ্রহণ করানো যাবে না। এই মর্মে বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলার স্কুল শিক্ষা দপ্তরের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করেছেন জেলা বিদ্যালয় পরিদর্শক মাধ্যমিক। এই বিজ্ঞপ্তিতে জেলার সমস্ত, জুনিয়ার, হাইস্কুল এবং উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধানদের সতর্ক করা হয়েছে। যাতে শিক্ষা বহির্ভূত কোন কর্মসূচিতে শিক্ষার্থীরা অংশ না নেয় সে বিষয়ে উপযুক্ত পদক্ষেপ গ্রহণের ও নির্দেশ দেওয়া হয়েছে।
মূলত সম্প্রতি ঘটে যাওয়া আর জি কর হাসপাতালের তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে রাজ্যের অন্যান্য এলাকার পাশাপাশি পশ্চিম মেদিনীপুর জেলার মোহনপুরে শিক্ষার্থীদের নিয়ে বিদ্যালয় কর্তৃপক্ষ প্রতিবাদে নামেন। এর ফলে তুমুল অসন্তোষ দেখা দেয়। অভিজ্ঞ মহলের মতে শিক্ষার্থীদের কাছে এধরণের ঘটনার বার্তা যাতে না যায় সেজন্যই এই পদক্ষেপ শিক্ষা দপ্তরের। তবে এই বিজ্ঞপ্তি জারিকে কেন্দ্র কিরে নানা মহলে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। শিক্ষক শিক্ষিকাদের একাংশ এই বিজ্ঞপ্তির তীব্র বিরোধিতা করেছেন।







