সাতসকালে এজেসি বোস ফ্লাইওভারে ভয়াবহ দুর্ঘটনা। দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছেন ২জন। পিটিএস থেকে সেক্টর ফাইভের দিকে যাচ্ছিল তথ্যপ্রযুক্তি সংস্থার কর্মীদের একটি গাড়ি। নিয়ম ভেঙে উল্টো দিক থেকে একটি গাড়ি ফ্লাইওভারে উঠে পড়ে। আহতদের এসএসকেএমে ভর্তি করা হয়েছে।
সূত্রের খবর, এজেসি বোস ফ্লাইওভার ধরে পিটিএস থেকে সেক্টর ফাইভের দিকে আসছিল একটি সুমো। গাড়িতে ছিলেন তথ্য প্রযুক্তি সংস্থার ৯ থেকে ১০জন কর্মী। হঠাৎই উল্টোদিক থেকে চলে আসে একটি গাড়ি। নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুতগতিতে এসে ধাক্কা মারে গাড়িটি। সংঘর্ষের জেরে দুটি গাড়িরই সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ছোট গাড়িটি। দুটি গাড়ির লোকজনই আহত হয়েছেন। গোটা ঘটনাটি তদন্ত করে দেখছে পুলিশ। ইতিমধ্যেই আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। সরানো হচ্ছে দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দুটিকেও।







