আরজিকরকাণ্ডে টানা জিজ্ঞাসাবাদের সামনাসামনি হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। টানা ১৩ দিন জিজ্ঞাসাবাদের পর মাঝে এক রবিবার তাঁর বাড়ি গিয়ে তল্লাশি করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তারপর তাঁকে সিজিওতেও ডাকা হয়। পরপর দু’দিনের জিজ্ঞাসাবাদের পর ছুটি পান সন্দীপ। আজ ফের সিজিও দফতরে হাজিরা দেন তিনি। এই নিয়ে ১৬ বার ডাকা হল তাঁকে।
উল্লেখ্য, আরজিকরকাণ্ডে তরুণী চিকিৎসককে ধর্ষণ-খুনের তদন্তের পাশাপাশি হাসপাতালের আর্থিক দুর্নীতির বিষয়েও এবার একযোগে তদন্ত চালাচ্ছে সিবিআই ও ইডি। হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগ রয়েছে বায়োমেডিক্যাল ওয়েস্টেজ বা বর্জ্য নিয়ম বর্হিভূতভাবে বাইরে বিক্রি করার।
৯ অগস্ট হাসপাতালের চারতলার সেমিনার রুম থেকে তরুণী চিকিৎসকের দেহ মিলতেই সন্দীপ ঘোষের পদত্যাগের দাবিতে সরব হন হাসপাতালের জুনিয়র ডাক্তাররা। তার পরবর্তীতেই রাতারাতি সন্দীপকে সরিয়ে দেওয়া হয় ন্যাশনাল মেডিক্যালে। তবে সেখানেও চলে প্রতিবাদ৷ তারপরই হাইকোর্ট সন্দীপ ঘোষকে অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠায়। এবং ঘটনার যাবতীয় তদন্তভার দেওয়া হয় সিবিআই-এর হাতে। লাগাতার জিজ্ঞাসাবাদ চলে সন্দীপ ঘোষকে। ১০০ ঘণ্টারও অধিক সময়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে তাঁকে।







