এবার রাজ্যপাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা করলেন কলকাতা হাইকোর্টে। এই মুখ্যমন্ত্রীর আমলেই অ্যাডভোকেট জেনারেলের পদ ছেড়েছিলেন, এমন দু’জনকে মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে হাইকোর্টে আইনি লড়াইয়ে নামতে দেখা গেল৷ এঁরা দু’জনেই প্রাক্তন এজি। মুখ্যমন্ত্রীর হয়ে সওয়াল করবেন জয়ন্ত মিত্র এবং সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়।
আইনজীবী সঞ্জয় বসু এক বিবৃতিতে বলেন, ‘মুখ্যমন্ত্রী যখন নিজেই একজন মহিলা, তখন তিনি আরও ভাল ভাবে মহিলাদের যন্ত্রণার কথা বুঝবেন।’
উল্লেখ্য, প্রায় দু’মাস পূর্বে রাজভবনের এক অস্থায়ী মহিলাকর্মী হেয়ার স্ট্রিট থানায় রাজ্যপাল বোসের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ দায়ের করা হয়। সেই প্রসঙ্গও প্রকাশ্যে টানেন মুখ্যমন্ত্রীর আইনজীবী।
রাজ্যপাল যে মামলা করছেন, তার আভাস পাওয়া যায় আগেই। গতকাল অর্থাৎ মঙ্গলবার শিলিগুড়িতে এসে আনন্দ বোস জানান, মামলাটি দায়ের হয়ে গিয়েছে। মুখ্যমন্ত্রীর উদ্দেশে হুঁশিয়ারির রবে তিনি বলেন, ‘কেউ যদি আমার সম্মান নষ্ট করার চেষ্টা করেন, তবে তিনি যিনিই হোন, তাঁকে ভুগতে হবে।’






