চতুর্থীতে প্ৰাতঃভ্ৰমণ শেষে সাংবাদিকদের সামনাসামনি হয়ে ফের একবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তোপ দাগলেন বিজেপির সহ-সভাপতি দিলীপ ঘোষ। মোহন ভাগবত বলেছিলেন, ‘ভারতীয় হিন্দুই হবে সারা বিশ্বে মানবতার রোল মডেল।’ ভাগবতের মন্তব্যের পালটা প্রতিক্রিয়ায় দিলীপের মন্তব্য, ‘একদম ঠিক বলেছেন তিনি। দুনিয়াতে এখন আদর্শবাদের ক্রাইসিস সহনশীলতার ক্রাইসিস, উদারতার ক্রাইসিস যেটা আমাদের পূর্বপুরুষরা চিরদিন করে এসেছেন, দেখিয়ে এসেছেন।’
বিজেপি সাংসদের সংযোজন, ‘বিশ্বে যখনই আর্থিক সংকট হোক বা রাজনৈতিক সংকট, সবসময় ভারত এগিয়ে আছে। আফগানিস্তানে তালিবান সংকটে ওষুধ কে পাঠাবে, ভারত পাঠাবে। যুদ্ধ বন্ধ করবে কে রাশিয়া ইউক্রেনের? ভারত করবে। মোদী জি করবেন। সারা দুনিয়ায় ওষুধ ভ্যাকসিন কে দেবে? ভারত দেবে। শুধু তাই নয় আইডলজি নিয়ে ক্রাইসিস শুরু হয়েছে যখন সমস্ত বিচারধারা ব্রাত্য প্রমাণিত হয়েছে তখন ভারতীয় জীবন পদ্ধতি জীবন দর্শন দুনিয়াকে রাস্তা দেখাবে ভারত। এইজন্য ভারতীয় হিন্দুকে তার উপযুক্ত মডেল হিসাবে তৈরি হতে হবে।’
অন্যদিকে, পুজো প্রসঙ্গে বাংলার মানুষের প্রতি দিলীপের উবাচ, ‘বিপদ কেটে গিয়েছে করোনার। সেইজন্য পুজো দেখতে আপত্তি নেই। উৎসাহে এবার পুজো হচ্ছে ধুমধাম করে। সবাই পুজো দেখুন। যাঁরা অধিকারের জন্য আন্দোলন করে যাচ্ছেন তাঁদেরকে আমি অনুনয় করবো আপনারা আন্দোলন বন্ধ রেখে আসুন পুজোর আনন্দে মেতে উঠুন। পরিবারের লোকেদের সময় দিন। বন্ধু বান্ধবদের সময় দিন। লড়াই করতেই হবে। পশ্চিমবাংলার কপালে এটাই লেখা আছে, স্ট্রাগল করা। আর এই সরকার যতদিন আছে অধিকার পূর্ণ হবে না, লড়াই করতেই হবে।’







