আরজি কর কান্ডের পর একের পর এক সেই চিত্র উঠে আসছে! কিন্তু কেন? রাজ্যের নারী নিরাপত্তা কোথায়? এবার হুগলীতে এক কিশোরীকে অপহরণ ও শ্লীলতাহানি পাশাপাশি যৌন হেনস্থারও অভিযোগ উঠছে।
সূত্রের খবর, মেয়েটির বয়স ১৫। শুক্রবার স্কুল শেষ করে প্রাইভেট টিউশন থেকে ফেরার পথে হঠাৎই একটা গাড়িতে কয়েকজন ছেলে তাকে তুলে নিয়ে যায়। তখনই মেয়েটি অপহরণ ও যৌন হেনস্থার স্বীকার হয়। সে চিৎকার করায় তাকে একটি অজানা রাস্তায় নামিয়ে পালিয়ে যায় ছেলেগুলো। মেয়েটির অভিযোগ, সেই রাস্তায় যাওয়ার সময় আর এক পরিচিত ব্যক্তি তার সাথে শ্লীলতাহানি করে।
হুগলি গ্রামীণ পুলিশ সূত্রে খবর, একটি হিমঘরের বিপরীতে অচেতন অবস্থায় কিশোরীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাত ৮:২০ নাগাদ এই খবর পাওয়া যায়।
ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্যকর আবহ এলাকায়।ইতিমধ্যে, পরিবারের অভিযোগের ভিত্তিতে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় ও পকসো আইনে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে। তবে, বারংবার একই ঘটনায় নারী সুরক্ষার দাবীতে উঠছে প্রশ্ন।







