সোশ্যাল মিডিয়ায় ট্রোলের মুখে পড়ে এবার কড়া জবাব দিলেন ভারতীয় ব্যাডমিন্টন তারকা সাইনা নেহওয়াল। ২০১২ সালের লন্ডন অলিম্পিকে জেতা ব্রোঞ্জ পদককে ‘উপহার’ বলে ট্রোল করতে থাকা একাংশকে উদ্দেশ্য করে সাইনা বলেন, “অলিম্পিক লেভেলের যোগ্য তো হও আগে, তারপর এসব বলো।”
সম্প্রতি প্যারিস অলিম্পিকের সময় সাইনার কিছু মন্তব্য নিয়ে সমালোচনা শুরু হয়েছিল। স্বামী পারুপল্লী কাশ্যপ এক পডকাস্টে বিষয়টি উল্লেখ করলে সাইনা এই মন্তব্য করেন। সোশ্যাল মিডিয়ায় সাইনার পদককে ‘উপহার’ বলা হলে কাশ্যপ বলেন, “প্যারিস অলিম্পিকের সময় সাইনা কিছু বলার পর সোশ্যাল মিডিয়ায় দেখি, মানুষ বলছে ওর ব্রোঞ্জ পদকটা নাকি উপহার।”
সাইনার ব্রোঞ্জ পদকটি জয়ের সময়, প্রতিপক্ষ চীনের ওয়াং শিন হাঁটুর চোট পেয়ে ম্যাচ থেকে অবসর নিয়েছিলেন। এই ঘটনার ওপর ভিত্তি করে অনেকেই সাইনার পদককে ‘উপহার’ বলছিলেন।
সম্প্রতি, কুস্তিগীর বিনেশ ফোগাটকে নিয়ে করা মন্তব্যের পর সাইনা আরও বিতর্কের মুখে পড়েন। বিনেশ ফোগাটের ডিসকোয়ালিফিকেশন নিয়ে সাইনা বলেন, “এই পর্যায়ে এমন ভুল সাধারণত হয় না। এটা কীভাবে হলো, প্রশ্ন থেকেই যায়।”
প্রসঙ্গত, সাইনা নেহওয়াল ইঙ্গিত দিয়েছেন যে, শারীরিক চাপের কারণে তিনি শীঘ্রই অবসর নেওয়ার কথা ভাবছেন।







