কলকাতারাজনীতিরাজ্য

২১ জুলাইয়ের মিছিল নিয়ে ঐতিহাসিক শর্ত হাইকোর্টের

তৃণমূলের শহিদ দিবস এবার আদালতের নজরদারিতে। ২১ জুলাইয়ের র‍্যালি নিয়ে প্রথমবারের মতো সময়সীমা বেঁধে দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চ স্পষ্ট জানাল—সকাল ৮টার আগে মিছিল বার করতেই হবে, নচেত শহরজুড়ে যানজট পরিস্থিতি হাতের বাইরে চলে যেতে পারে।

বৃহস্পতিবার মামলার শুনানিতে বিচারপতি প্রশ্ন তোলেন, “আর কতদিন সহ্য করতে হবে এই ভোগান্তি?” ব্যস্ত সময়ে রাস্তা বন্ধ করে যেভাবে মিছিল চলে, তাতে সাধারণ মানুষ চরম অসুবিধায় পড়েন—এই যুক্তিতেই মামলা করা হয়েছিল। আদালত জানায়, বিশেষ করে হাইকোর্ট সংলগ্ন এলাকা ও মধ্য কলকাতার ৫ কিলোমিটারের মধ্যে সকাল ৯টা থেকে ১১টার মধ্যে যেন যানজট না হয়, তার দায়িত্ব নিতে হবে পুলিশ কমিশনারকে।
আদালতের শর্ত:
সকাল ৮টার আগে বেরোতে হবে সব মিছিল

সকাল ৯টা থেকে ১১টা: এই সময়ের মধ্যে মিছিল সম্পূর্ণ বন্ধ রাখতে হবে

সকাল ১১টার পর ফের মিছিল চালানো যেতে পারে

মামলাকারীদের তরফে আদালতে জমা দেওয়া হয় একাধিক নোটিস। অভিযোগ, প্রতি বছর ফেরি পরিষেবা বন্ধ হয়, স্কুল বন্ধ থাকে, ভোগান্তি নিত্যদিনের। ডন বস্কো স্কুল জানিয়েছে, ওই দিন যদি কেউ স্কুলে না আসে, অসুবিধে না করলেই হয়—কারণ সবাই জানে কী হবে!

তৃণমূলের আইনজীবী বিশ্বরূপ ভট্টাচার্য পাল্টা যুক্তি দেন, এই মামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। বলেন, “প্রতি বছর আসি আদালতে। পুজোতেও ভিড় হয়, কিন্তু তখন তো কেউ কিছু বলে না!”

বিচারপতির কড়া মন্তব্য:

“১০ লক্ষ লোক এলে তো কথাই নেই, যদি ৫ লক্ষও আসে—মনিটরিং না হলে শহর অচল হয়ে যাবে। সিপি তো সরকারি কর্মী, পরিস্থিতি সামলানো তাঁর পক্ষে কীভাবে সম্ভব? উত্তর কলকাতা পুরোপুরি বন্ধ হয়ে যাবে।”

তৃণমূলকে পরামর্শ দিয়ে বিচারপতি বলেন, “মুচলেকা দিন, বাঁশের ব্যারিকেড দিন, পুলিশ মনিটর করবে। পুজোর মতো প্রস্তুতি নিন।”

এই মামলার চূড়ান্ত রায় এখনও হয়নি। সব পক্ষকে হলফনামা জমা দিতে বলা হয়েছে। তবে হাইকোর্টের এই নজিরবিহীন শর্তে তৃণমূলের শহিদ দিবস ঘিরে তৈরি হল নতুন দিশা, যা কলকাতার রাজপথে রাজনীতি আর সাধারণ জনজীবনের ভারসাম্য নিয়ে বড় প্রশ্ন তোলে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.