শীত যেতে না যেতেই অকাল বৃষ্টিতে ভাসছে কলকাতা সহ দক্ষিণবঙ্গ । গত দু’দিন ধরে বৃষ্টিতে ভিজছে একাধিক জেলা।আজ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা বৃষ্টি বা বজ্রপাত হতে পারে। অধিক বৃষ্টির সম্ভাবনা পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে।
আবহাওয়া দপ্তর জানিয়েচ্ছে ,ফাল্গুনের এই বৃষ্টি চলবে আরও কয়েক দিন। ২৩ শে ফেব্রুয়ারি পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা। আগামীকাল বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। আজ কোনো কোনো জেলায় সতর্কতা জারি না থাকলেও আগামীকাল রয়েছে। ২৩ তারিখও বৃষ্টি হবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতে।
রবিবার অধিক বৃষ্টির সম্ভাবনা উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে। বজ্রপাত সহ বৃষ্টির পাশাপাশি ঝড়ও হতে পারে। দক্ষিণবঙ্গের ৪ জেলায় রবিবার জারি থাকবে সতর্কতা। ২৪ ফেব্রুয়ারি থেকে আবহাওয়ার বদল হবে। বৃষ্টি কমে যাবে দক্ষিণবঙ্গে।
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে তেলেঙ্গানা পর্যন্ত অক্ষরেখা রয়েছে। এর জেরে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে। ফলত রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হবে। সোমবার থেকে ধীরে ধীরে আকাশ পরিষ্কার হবে।
আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ২১ ডিগ্রি সেলসিয়াস। এছাড়াও বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ ৬৮ শতাংশ।







