আবহাওয়া

কালবৈশাখীর ইঙ্গিত! আজ ঝড়-বৃষ্টিতে ভিজবে বাংলার একাধিক জেলা

তপ্ত গরমের মাঝেই ফের স্বস্তির ইঙ্গিত দিল আবহাওয়া। আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর। শহর কলকাতায় দিনের আকাশ আংশিক মেঘলা থাকবে। কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে। ফলে তাপমাত্রা খুব একটা বাড়বে না বলেই অনুমান। আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে প্রায় ৩৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৬ ডিগ্রির কাছাকাছি।

দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই আজ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে সব জায়গায় সমানভাবে বৃষ্টি হবে না। কোথাও হালকা ঝিরঝিরে বৃষ্টি, কোথাও আবার বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে ঝড়ের দাপট বেশি হতে পারে। ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে ওই পাঁচ জেলায় জারি হয়েছে হলুদ সতর্কতা।

এছাড়াও কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান এবং নদিয়ার কিছু অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।

অন্যদিকে উত্তরবঙ্গে পরিস্থিতি আরও জটিল হতে চলেছে। পাহাড় থেকে ডুয়ার্স—প্রায় গোটা উত্তরবঙ্গেই ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুরে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। সবচেয়ে বেশি প্রভাব পড়তে পারে জলপাইগুড়িতে, যেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কায় জারি হয়েছে কমলা সতর্কতা।

শুধু বৃষ্টি নয়, উত্তরবঙ্গের সব জেলাতেই ঝোড়ো হাওয়ার দাপট দেখা যেতে পারে। ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া দফতর। ফলে পাহাড় ও সংলগ্ন এলাকায় জল জমা, গাছ পড়ে যাওয়া বা যান চলাচলে সমস্যার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.