তিলোত্তমার ন্যায়বিচার চেয়ে কেটে গেছে এক মাসেরও বেশি । ৩৪ দিন ধরে কর্মীবিরতিতে জুনিয়র চিকিৎসকরা। বর্তমানে স্বাস্থ্য ভবনের সামনে শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভে আছেন জুনিয়র চিকিৎসকরা। শনিবার অচলাবস্থা কাটাতে মুখ্যমন্ত্রী নিজে স্বাস্থ্যভবন গেলেন জুনিয়র চিকিৎসকদের সাথে কথা বলতে।
জুনিয়র ডাক্তারদের ধরনা মঞ্চে গিয়ে তিনি বলেন, ‘মুখ্যমন্ত্রী নয়, বড় দিদির মতো এসেছি।’ মমতার এই পদক্ষেপকে ‘রাজনৈতিক মাস্টারস্ট্রোক’ বলছেন রাজনীতিকমহলের অনেকেই।
তৃণমূলের সাংসদ দেব এই বিষয়ে মন্তব্য করে বলেন, “দিদি, আপনাকে কুর্নিশ জানাই এই উদ্যোগের জন্য। আগেও আপনাকে দেখেছি আপনি কীভাবে মানুষের পাশে দাড়িয়েছেন, আজ আবার দেখলাম নিজের লোকের পাশে গিয়ে দাড়ালেন। আশা করছি শান্তি, ন্যায় আর সম্মান, সব ফিরে আসবে।” উল্লেখ্য, দেব নিজেও আর জি কর নির্যাতিতার বিচার চেয়ে আর্টিস্ট ফোরামের গণঅবস্থানে হাজির ছিলেন।
গোটা দেশে যেভাবে নারী নির্যাতন হচ্ছে, তার বিরুদ্ধেও আওয়াজ তুলেছেন তিনি। তিনি বলেছিলেন, “কন্যাশ্রী বা বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্পগুলো অর্থহীন, যদি নারীসুরক্ষাই না থাকে।”
শনিবার মমতা বন্দ্যোপাধ্যায় ধরনা মঞ্চে দাঁড়িয়ে ডাক্তারদের আন্দোলনকে সমর্থন করে বলেন, “আমি আপনাদের আন্দোলনকে কুর্নিশ জানাই। আমি ছাত্র আন্দোলন থেকে উঠে আসা লোক। আমি জানি আমার পদটা বড় কথা নয়। কাল সারারাত ঝড়-জল হয়েছে, আপনাদের যেমন কষ্ট হয়েছে। আমারও কষ্ট হয়েছে। এই ঝড়জলের মধ্যে আপনারা যেভাবে বসে আছেন আমারও কষ্ট হয়েছে। রাতের পর রাত আমিও ঘুমাইনি। কষ্ট না করে যদি আপনারা কাজে ফিরতে চান, প্রতিশ্রুতি দিচ্ছি আপনাদের দাবিগুলো সহানুভূতির সঙ্গে খতিয়ে দেখব। ভাবব, চিন্তা করব। যদি কেউ দোষী হয়, সে শাস্তি পাবেই। আমি চাই তিলোত্তমার বিচার হোক। ডাক্তারদের কাছে আবেদন জানাব, আমাকে একটু সময় দিন। যদি আপনাদের আমার উপর আস্থা, ভরসা থাকে।”
সেই প্রেক্ষিতে দলনেত্রীকে কুর্নিশ জানিয়েছেন দেব।







