কলকাতাখেলাধুলারাজনীতি

মেসি ইভেন্ট বিতর্কে অরূপ বিশ্বাসকে তলব, তদন্তে নতুন মোড়

মেসিকে ঘিরে বিতর্কে আরও চাপের মুখে পড়লেন রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। এবার তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য বিধাননগর দক্ষিণ থানায় হাজির হতে বলা হয়েছে। পুলিশ সূত্রের খবর, আগামী ৪ জুন তদন্তকারীদের সামনে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে তাঁকে। যদিও এই বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কোনও মন্তব্য করেনি পুলিশ প্রশাসন। অন্যদিকে, এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন ‘গোট’ কনসার্টের অন্যতম আয়োজক শতদ্রু দত্ত।

গত ১৭ মে অরূপ বিশ্বাসের বিরুদ্ধে বিধাননগর দক্ষিণ থানায় অভিযোগ দায়ের করেছিলেন শতদ্রু। তাঁর অভিযোগে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু করা হয়। অভিযোগগুলির মধ্যে রয়েছে টিকিট কালোবাজারি, চাঁদাবাজি, ভয় দেখানো, নিরাপত্তা ব্যবস্থায় গাফিলতি এবং প্রতারণা। শতদ্রুর দাবি, মেসির অনুষ্ঠান উপলক্ষে প্রায় ২২ হাজার টিকিট বেআইনিভাবে বিক্রি করা হয়েছিল। পাশাপাশি তিনি অভিযোগ করেন, নিজের প্রভাব খাটিয়ে অরূপ বিশ্বাস অনুমতি ছাড়াই মেসির কাছাকাছি পৌঁছে যান এবং তাঁর সঙ্গে অনভিপ্রেত আচরণ করেন। এই সমস্ত অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু হয় এবং এবার সেই মামলার সূত্র ধরেই তাঁকে তলব করা হয়েছে।

অরূপ বিশ্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে শতদ্রু দত্ত বলেন, এই পদক্ষেপ আরও আগে নেওয়া উচিত ছিল। তাঁর অভিযোগ, পূর্ববর্তী সরকার নিজেদের মন্ত্রীকে রক্ষা করতে গিয়ে তাঁকেই মিথ্যা মামলায় গ্রেপ্তার করেছিল। তাঁর মতে, অরূপ বিশ্বাসের বিরুদ্ধে অনেক আগেই কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন ছিল।

উল্লেখ্য, যুবভারতীতে লিওনেল মেসিকে ঘিরে আয়োজিত অনুষ্ঠানে বিশৃঙ্খলার অভিযোগ ওঠার পর প্রথমে গ্রেপ্তার করা হয়েছিল মূল উদ্যোক্তা শতদ্রু দত্তকে। পরে তিনি জামিনে মুক্তি পান। রাজ্যে সরকার পরিবর্তনের পর নতুন ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের আশ্বাস দেন। এরপরই অরূপ বিশ্বাসের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন শতদ্রু। অভিযোগপত্রের কপি সামাজিক মাধ্যমে প্রকাশ করে তিনি লেখেন, ‘সত্যমেব জয়তে’। একই সঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক এবং রাজ্য পুলিশের ডিজিপির প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.