অহমদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনায় শতাধিক মানুষের মৃত্যু গোটা দেশকে স্তব্ধ করে দিয়েছে। এই প্রেক্ষিতেই পিছিয়ে গেল বহু প্রতীক্ষিত অ্যান্ডারসন-তেন্ডুলকর ট্রফির উন্মোচন অনুষ্ঠান। ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজের ঠিক আগে এমন সাংস্কৃতিক ও ক্রীড়ামূলক আয়োজন বাতিল করা নিছক প্রশাসনিক সিদ্ধান্ত নয়— এটি এক গভীর মানবিক বার্তা।
ভারত-ইংল্যান্ড সিরিজ জিতলে এত দিন দেওয়া হত পটৌডি ট্রফি। কিন্তু এবার তা বদলে দেওয়া হয় অ্যান্ডারসন-তেন্ডুলকর ট্রফিতে— ইংল্যান্ডের কিংবদন্তি পেসার জেমস অ্যান্ডারসন ও ভারতের ‘ক্রিকেট ঈশ্বর’ সচিন তেন্ডুলকরকে সম্মান জানাতে। শনিবার এই ট্রফির উন্মোচন হওয়ার কথা ছিল, কিন্তু ট্র্যাজেডির আবহে অনুষ্ঠান পিছিয়ে দিল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) ও ইংল্যান্ড বোর্ড (ইসিবি)।
‘ক্রিকবাজ’কে দেওয়া সাক্ষাৎকারে ইসিবি-র এক কর্তা বলেন, “ভারতের এই শোকের মুহূর্তে অনুষ্ঠান না করাই সম্মানের।” সূত্রের খবর, সচিন ও অ্যান্ডারসন দু’জনকেই আমন্ত্রণ জানানো হয়েছিল, কিন্তু শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদল হয়। বিসিসিআই আপাতত নতুন দিন নির্ধারণে সময় নিচ্ছে।
অ্যান্ডারসন-তেন্ডুলকর ট্রফি ঘিরে আলোচনা যেমন তীব্র, তেমনি বিতর্কও। শোনা যাচ্ছে, পটৌডির নাম সিরিজ থেকে একেবারে মুছে না ফেলে হয়তো বিজয়ী দলের পদকে তা সংযুক্ত থাকতে পারে। তবে এখন প্রশ্ন একটাই— এমন শোকের আবহে ট্রফির নামকরণ আদৌ এই সিরিজে সম্ভব? উত্তরের জন্য তাকিয়ে ক্রিকেটপ্রেমীরা।







