কর্ণাটকের রানজি ট্রফি অভিযানে বড় ধাক্কা। দলের অন্যতম তারকা ব্যাটসম্যান কেএল রাহুল পাঞ্জাবের বিরুদ্ধে আসন্ন গুরুত্বপূর্ণ ম্যাচ থেকে সরে দাঁড়িয়েছেন। চোট সমস্যায় ভুগছেন রাহুল। বৃহস্পতিবার বেঙ্গালুরুর এম. চিন্নাস্বামী স্টেডিয়ামে শুরু হতে চলা ম্যাচে রাহুলের অনুপস্থিতি কর্ণাটকের জন্য বড় ক্ষতি।
রাহুলের চোট মূলত কনুইয়ে। দল পরিচালন সমিতিকে তিনি জানিয়েছেন যে এই ম্যাচে মাঠে নামতে পারবেন না। তবে জানুয়ারি ৩০ থেকে হরিয়ানার বিরুদ্ধে শেষ ম্যাচে তার মাঠে ফেরার সম্ভাবনা রয়েছে। কর্ণাটক বর্তমানে এলিট গ্রুপ-সি-তে চতুর্থ স্থানে রয়েছে। পাঁচ ম্যাচে মাত্র ১২ পয়েন্ট সংগ্রহ করা দলটির জন্য এই ম্যাচটি কার্যত “মাস্ট-উইন”।
পাঞ্জাবের দলে থাকছেন ভারতের আরেক তারকা শুভমান গিল। ফলে ম্যাচের লড়াই আরও কঠিন হতে চলেছে কর্ণাটকের জন্য। শুধু রাহুল নন, দলের দুই মূল পেসার বিদ্বাথ কাভেরাপ্পা এবং ভি. বৈশাখকেও পাবে না কর্ণাটক। চোটের কারণে কাভেরাপ্পা গত সেপ্টেম্বরে শেষ ম্যাচ খেলেছেন। তবে হরিয়ানার বিরুদ্ধে তার মাঠে নামার সম্ভাবনা রয়েছে।
সম্প্রতি বিজয় হাজারে ট্রফি জয়ের পর আত্মবিশ্বাসী কর্ণাটক দল এই ধাক্কা সামলে ঘুরে দাঁড়াতে চাইবে। তবে রাহুল এবং পেসারদের অনুপস্থিতি দলটির জন্য বড় চ্যালেঞ্জ হতে পারে। পাঞ্জাবের শক্তিশালী দল এবং শুভমান গিলের উপস্থিতি কর্ণাটকের জন্য চ্যালেঞ্জ আরও বাড়িয়ে দেবে।







