ভারতীয় ফুটবলের বর্তমান পরিস্থিতি নিয়ে তীব্র সমালোচনা করলেন প্রাক্তন অধিনায়ক ভাইচুং ভুটিয়া। সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের (এআইএফএফ) নেতৃত্বে পরিবর্তনের দাবি জানিয়ে তিনি বলেন, সংস্থার ভুল নীতি এবং দিশাহীনতার ফলেই ভারতের ফুটবল অধঃপতনের মুখে। সম্প্রতি ইন্টারকন্টিনেন্টাল কাপে সিরিয়ার কাছে ৩-০ গোলে পরাজয় সাথে মরিশাসের সঙ্গে গোলশূন্য ড্র সেই সংকটকে সামনে নিয়ে এসেছে।
ভুটিয়ার মতে, “ভারতীয় ফুটবল দীর্ঘদিন ধরেই পতনের দিকে। একসময় শীর্ষ ১০০-র মধ্যে থাকা দলটি এখন ১২৫তম স্থানে নেমে এসেছে। সংবিধান সংশোধন ও নতুন নির্বাচনই পারে এই সংকটের সমাধান করতে।”
এআইএফএফ-এর বর্তমান নেতৃত্ব ও পরিকল্পনাকে কড়া ভাষায় আক্রমণ করে তিনি বলেন, “কাগজে কলমে ‘ভিশন ২০৪৬’ থাকলেই হবে না, বাস্তবায়ন জরুরি। ফুটবল উন্নয়নের বদলে সমাজসেবামূলক কাজেই বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, যা খেলাটির ক্ষতি করছে।”
ভুটিয়ার মতে, দেশের ফুটবলে নতুন নেতৃত্বের প্রয়োজন, যারা সঠিক পরিকল্পনা নিয়ে এগিয়ে যেতে পারে। তিনি বিশ্বাস করেন, মূল সমস্যাগুলো সমাধান না হলে ভারতীয় ফুটবল আরও নিচে নামবে।







