কেন্দ্র সরকারের সদিচ্ছা না থাকায় তিনি ঘাটাল মাষ্টার প্ল্যান করতে না পারায় রাজনীতি ছাড়তে বাধ্য হয়েছিলেন। রাজ্য সরকার এই প্রকল্প করবে, মুখ্যমন্ত্রীর আশ্বাসে তিনি ফিরে এসেছেন। সোমবার দাসপুর , কেশপুরে একাধিক জন সংযোগ কর্মসূচী সেরে পথসভায় একথা জানান ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দীপক অধিকারী ওরফে অভিনেতা দেব।
তিনি জানান, “ঘাটাল মাস্টার প্ল্যান দীর্ঘদিনের দাবি ছিল মানুষের। কথা দিয়েছিলাম করে দেব ।কিন্তু করে দিতে না পারায় রাজনীতি ছেড়ে অভিনয়ে ফিরে যেতে চাইলাম”
এর পর তাঁর সংযোজন , “তবে দিদি আমাকে বললো রাজনীতিতে তোমার মতো মানুষের প্রয়োজন। আমি দিদিকে বলি যদি ঘাটাল মাস্টার প্ল্যান রাজ্য সরকার করে দেন তবেই আমি রাজনীতিতে ফিরবো। দিদি কথা রেখেছেন ” । আর এর জন্যই যে তাঁদের প্রার্থী তথা অভিনেতা দেব ফের রাজনীতি ময়দানে তা জানাতেই করতালিতে ফেটে পড়ে সভাস্থল।
উল্লেখ থাকে আরামবাগের সভায় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন , আর কেন্দ্রের কাছে দয়া ভিক্ষা নয় । ঘাটাল মাষ্টার প্ল্যান রাজ্য সরকার নিজেই করবে।
সোমবার দেব জানান , লোকসভা নির্বাচন মিটলেই সেই প্রকল্পের কাজ শুরু করবে রাজ্য সরকার ।
ইতিমধ্যে নির্বাচন কমিশনার কাছে ঘাটাল মাস্টার প্লান্টের কাগজ জমা পড়েছে,এবং দুটো কাজ শুরু করার আবেদনও করা হয়েছে।
সোমবার দুপুরে দাসপুরের কেশবচক নিমতলা হাট , জোতকানুরামগড়ে পথসভা করেন।
বিকেলে কেশপুরের ঝলকা , কলাগ্রাম , ছুতারগেড়িয়ায় রোড শো করেন। কেশপুরের মহিষদা গ্রামে তাঁর ছোটবেলা কেটেছে সে কথা জানিয়ে জানান , স্কুল থেকে পানীয় জল , স্বাস্থ্য কেন্দ্র যত আবেদন জমা পড়েছিল কেশপুরের উন্নয়ন এর জন্য সব তিনি করে দিয়েছেন।
দেব জানান , বিজেপি মিথ্যে কথা বলে ভোট চায়। মানুষকে মিথ্যে প্রতিশ্রুতি দেয়। ভোটের আগে ও ভোটের সময় একরকম আর ভোট মিটলেই আরেক রকম । বিজেপির সবটাই যে ভাওতা তা জানিয়ে তিনি জানান , আসলে এটাই বিজেপির রাজনৈতিক চরিত্র। তাঁর প্রতিপক্ষ হিরণ ঘাটাল মাষ্টার প্ল্যান কার্যকর না হওয়া নিয়ে আক্রমণ করেছেন। এবিষয়ে দেব জানান , উনি অনেক কিছুই জানেন না। ওনাকে পড়াশোনা করে আসা উচিত। তিনি ঘাটালের সাংসদ হিসেবে সংসদে কতবার ঘাটাল মাষ্টার প্ল্যান প্রসঙ্গ নিয়ে প্রশ্ন করেছেন , তাঁর দল কি করেছে , মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কতবার কেন্দ্রীয় জলসম্পদ মন্ত্রীকে , প্রধানমন্ত্রী কে চিঠি দিয়েছেন সেসব বিস্তারিত তথ্য পেশ করে জানান , আসলে বিজেপি যাঁদের প্রার্থী করে তাঁরা উন্নয়ন কি তাই জানেন না । তাঁরা শুধু কুৎসা , মিথ্যে প্রচার আর ধর্মের নামে ভোট চান । মানুষের কোনো উন্নয়ন করেন না। শুধুমাত্র মানুষে মানুষে বিভেদ সৃষ্টি করেন।







