বৃষ্টিতে বেশ কিছুদিন ধরে জলমগ্ন হাবড়া এক নম্বর ব্লকের বেড়গুম দু’নম্বর পঞ্চায়েত এলাকার কয়েকটি গ্রাম। সব মিলিয়ে জলমগ্ন হয়েছেন প্রায় হাজারখানেক পরিবার। জমা জল প্রতিনিয়ত বেড়েই চলেছে আর তাতে জলমগ্ন এলাকার সংখ্যাও বাড়ছে। পঞ্চায়েত সূত্রে জানা গিয়েছে জলমগ্ন হয়েছে বেড়গুম দু’নম্বর পঞ্চায়েতের বড়পোল, জামতলা উত্তরপাড়া, সত্যনারায়ণ পল্লী, পালপাড়া, কাছারি বাড়ি মহেশ্য পাড়া ,মাঠপাড়া এছাড়া জলমগ্ন হয়েছে গনদ্বীপায়ন, প্রতাপনগর ও পায়রাগাছির বেশ কিছুটা অংশ। জলমগ্ন এলাকায় গিয়ে পঞ্চায়েত প্রধান ও মেম্বাররা অবশ্য খোঁজখবর নিচ্ছেন তবে এখনো পর্যাপ্ত ত্রাণ এসে পৌঁছয়নি তাই কিছুটা হলেও তারা সাধারণ মানুষের প্রশ্নের মুখে পড়ছেন।
এলাকার বাসিন্দারা জানালেন গ্রামের জল নিকাশির (জনার খালের) অবস্থা ভালো নয়, বছরের পর বছর ধরে তার সংস্কার না হওয়ায় জল ধারণ ক্ষমতা কমে গিয়েছে পাশাপাশি খাল থেকে জল অন্যত্র যাওয়ার ক্ষেত্রেও বাধা প্রাপ্ত হওয়ায় একটু বেশি বৃষ্টি হলেই তাদের জলমগ্ন হতে হয়। পঞ্চায়েত প্রধান ঝুমা ঘোষ জানান কয়েকটি জায়গায় এলাকার বিদ্যালয়ে আশ্রয় নিয়েছেন বেশ কিছু পরিবার।







