‘আরশোলা’দের সমর্থনে সরব হওয়ার জেরেই কি এবার বিপাকে অভিনেতা ইমরান খান? আগামী ২৮ অক্টোবরের মধ্যে তাঁকে ভারত ছাড়ার নির্দেশ দিয়ে মুম্বই পুলিশের তরফে নোটিস জারির খবর ঘিরে ইতিমধ্যেই চর্চা তুঙ্গে। ‘জানে তু ইয়া জানে না’-র অভিনেতাকে ভারত ছাড়ার নির্দেশের ঘটনায় কার্যত দ্বিধাবিভক্ত নেটপাড়া। মায়ানগরীর বিনোদন জগতের একাংশ ইমরানের পাশে দাঁড়ালেও, অন্য একটি অংশ এই নির্দেশ কার্যকর করার পক্ষে সরব। এরই মধ্যে ইমরানকে ঘিরে নতুন দাবি সামনে আসায় বিতর্ক আরও বাড়ল।
সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি পোস্টে দাবি করা হয়েছে, মোদি-বিরোধী পোস্ট করার জন্য ইমরান খানকে নাকি ১৫ লক্ষ টাকা দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেই তিনি ‘ককরোচ’দের আন্দোলনে সামিল হয়েছিলেন বলে ওই পোস্টে দাবি করা হয়েছে।
ইমরানের একটি ভেরিফায়েড ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের স্টোরির আদলে তৈরি একটি স্ক্রিনশট ইতিমধ্যেই এক্স হ্যান্ডলে দ্রুত ছড়িয়ে পড়েছে। ভাইরাল ওই ছবিতে দাবি করা হচ্ছে, মোদি সরকারের বিরুদ্ধে পোস্ট করার জন্য তাঁকে ১৫ লক্ষ টাকার প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু সেই আর্থিক প্রলোভন গ্রহণ না করে তিনি বিনা পারিশ্রমিকেই প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিয়েছিলেন।
তবে ইমরানের ইনস্টাগ্রাম প্রোফাইল খতিয়ে দেখেও এমন কোনও স্টোরির সন্ধান মেলেনি। ফলে ভাইরাল হওয়া স্ক্রিনশটটির সত্যতা নিয়ে প্রশ্ন উঠেছে। নেটিজেনদের একাংশের ধারণা, ছবিটি সম্পূর্ণ ভুয়ো এবং কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি করা হয়ে থাকতে পারে।
ভাইরাল পোস্টে প্রতিক্রিয়া জানিয়ে এক নেটিজেন লিখেছেন, ফের ভুয়ো স্ক্রিনশট ছড়ানো হচ্ছে। তাঁর দাবি, প্রতিদিনই কোনও না কোনও তারকার নাম ব্যবহার করে এ ধরনের মিথ্যা স্ক্রিনশট সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ছে।
যদিও নেটপাড়ার অন্য একটি অংশ আবার ভাইরাল পোস্টটিকেই সত্যি বলে দাবি করছেন। ফলে ইমরান খানকে ঘিরে তৈরি হওয়া এই বিতর্কে এখনও ধোঁয়াশা কাটেনি। ভাইরাল স্ক্রিনশটটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। এই দাবি নিয়ে অভিনেতার তরফে কোনও প্রতিক্রিয়া সামনে আসে কি না, এখন সেদিকেই নজর।







