জল্পনা চলছিল বেশ কিছুদিন ধরেই। এবার সেই জল্পনাতেই কার্যত সিলমোহর পড়ল। ইন্ডি জোটের কর্মসূচিতে আনুষ্ঠানিকভাবে যোগ দিল থলপতি বিজয়ের দল তামিলাগা ভেত্রি কাজাগম (টিভিকে)। বৃহস্পতিবার ‘গণতন্ত্র রক্ষা’র দাবিতে চেন্নাইয়ে কংগ্রেস-সহ ইন্ডি জোটের শরিকরা একটি বড়সড় প্রতিবাদ কর্মসূচির আয়োজন করে। মুখ্য নির্বাচনী কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে আয়োজিত সেই বিক্ষোভে প্রথমবারের মতো অংশ নিল টিভিকেও।
তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে টিভিকের সাফল্যের পর থেকেই বিজয়ের দল ইন্ডি জোটে যোগ দিতে পারে বলে রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছিল। এমনকি দিল্লিতে অনুষ্ঠিত ইন্ডি জোটের সাম্প্রতিক বৈঠকে টিভিকেকে আমন্ত্রণ জানানোর প্রস্তাবও উঠেছিল। যদিও শেষ পর্যন্ত সেই বৈঠকে বিজয়ের দলকে ডাকা হয়নি। পরবর্তীতে তামিলনাড়ুতে টিভিকে নেতৃত্বের সঙ্গে পৃথকভাবে বৈঠক করেন কংগ্রেস নেতারা। সেই আলোচনার পরই জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে আয়োজিত প্রতিবাদে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেয় টিভিকে।
টিভিকে নেতা তথা তামিলনাড়ুর স্কুল শিক্ষামন্ত্রী এ রাজমোহন ইতিমধ্যেই ইন্ডি জোটের শরিকদের সুরে এসআইআরের বিরোধিতা করেছেন। তাঁর বক্তব্য, এসআইআর আদতেই একটি অগণতান্ত্রিক প্রক্রিয়া। একইসঙ্গে এটি আম্বেদকর প্রতিষ্ঠিত সমতার নীতির বিরোধী এবং ক্ষতিকর বলেও দাবি করেছেন তিনি। রাজমোহন আরও মনে করিয়ে দিয়েছেন, এসআইআরের বিরুদ্ধে সুপ্রিম কোর্টেও অবস্থান নিয়েছে টিভিকে।
তবে এখানেই উঠছে রাজনৈতিক প্রশ্ন। যে জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে টিভিকে এখন আন্দোলনে সামিল হয়েছে, তাঁর নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের তত্ত্বাবধানেই সদ্য তামিলনাড়ু বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং সেই নির্বাচনে জয় পেয়েছে বিজয়ের দল। তাহলে ওই নির্বাচন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলার অর্থ কি পরোক্ষভাবে নিজেদের সরকারের বৈধতা নিয়েও প্রশ্ন তোলা নয়? রাজনৈতিক মহলে এখন এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে।
জাতীয় রাজনীতির বর্তমান পরিস্থিতিতে বিজয়ের দলের ইন্ডি জোটের সঙ্গে ঘনিষ্ঠতা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। কারণ, বিজয় সরাসরি ইন্ডি জোটে যোগ দিলে দক্ষিণ ভারতের রাজনীতিতে তো বটেই, জাতীয় স্তরেও বিরোধী শিবিরের শক্তি বাড়তে পারে। তামিলনাড়ুর গণ্ডি পেরিয়ে দেশের রাজনীতিতেও থলপতি বিজয়ের যথেষ্ট প্রভাব রয়েছে। তার উপর সাম্প্রতিক একটি সমীক্ষায় প্রধানমন্ত্রী পদের সম্ভাব্য মুখ হিসেবে বিজয় তৃতীয় স্থানে উঠে এসেছেন। ফলে তাঁর দল ইন্ডি জোটের সঙ্গে হাত মেলালে তার রাজনৈতিক প্রভাব কতটা সুদূরপ্রসারী হয়, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।







