বাংলা ভাষা নিয়ে অবমাননাকর মন্তব্যকে ঘিরে ফের বিতর্ক। দিল্লি পুলিশের এক বিজ্ঞপ্তিতে বাংলা ভাষাকে ‘বাংলাদেশি ভাষা’ বলে উল্লেখ করার ঘটনায় ক্ষুব্ধ বাংলার রকতারকা রূপম ইসলাম। এক্স (পূর্বতন টুইটার)-এ সোচ্চার হয়েছেন তিনি।
ঘটনার সূত্রপাত— দিল্লি পুলিশ সম্প্রতি আটজন ব্যক্তিকে ‘বাংলাদেশি’ সন্দেহে আটক করে। তাদের কাছ থেকে বাংলায় লেখা কিছু নথি উদ্ধার হয়। সেই নথিগুলোর অনুবাদ প্রয়োজন, এমনটাই বলা হয়েছে পুলিশের এক বিজ্ঞপ্তিতে। কিন্তু সেখানে বাংলা ভাষাকে “বাংলাদেশি ভাষা” বলে চিহ্নিত করা হয়। রাজ্যের শাসকদল সেই বিজ্ঞপ্তিটি প্রকাশ করে সোশাল মিডিয়ায়, যা ঘিরে উত্তেজনা ছড়ায়।
এই প্রেক্ষিতেই মুখ খোলেন রূপম ইসলাম। তিনি লেখেন, “এটা কী হচ্ছে? বাংলা ভাষা কি দেশের ২২টি সাংবিধানিক ভাষার একটি নয়? তাহলে বাংলা বললেই বাংলাদেশি বলা হবে কেন? এটা চূড়ান্ত মূর্খতা। ধিক্কার জানাই।”
‘একলা ঘর’ গাওয়া এই শিল্পী বরাবরই স্পষ্ট মত প্রকাশে বিশ্বাসী। বাংলা ভাষা নিয়ে এই ধরণের বর্ণনাকে তিনি কড়া ভাষায় আক্রমণ করে বলেন, “এটি শুধু ভুল নয়, চূড়ান্ত অবমাননাকরও।”
এই ঘটনার পর বাংলা ভাষার মর্যাদা রক্ষা এবং ভাষাগত বৈচিত্র্য নিয়ে প্রশাসনের দায়িত্বশীল ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই।






