বলিউডের জনপ্রিয় নৃত্যশিল্পী ও অভিনেত্রী নোরা ফতেহি এবার পা রাখছেন দক্ষিণী ইন্ডাস্ট্রিতে। রাঘব লরেন্স পরিচালিত বহুল প্রতীক্ষিত হরর-কমেডি “কাঞ্চনা ৪”-এর মাধ্যমে তামিল সিনেমায় ডেবিউ করতে চলেছেন তিনি।
নোরা জানিয়েছেন, এই ছবির অনন্য ভৌতিক ও হাস্যরসাত্মক মিশ্রণই তাঁকে আকর্ষণ করেছে। একই সঙ্গে অভিনয় ও নাচের দক্ষতা একসঙ্গে উপস্থাপন করার জন্য এটি তাঁর কাছে নিখুঁত একটি সুযোগ।
ছবিটি প্রযোজনা করছে গোল্ডমাইনস টেলিফিল্মস। রাঘব লরেন্স নিজেই মুখ্য ভূমিকায় অভিনয় করছেন, সঙ্গে থাকছেন অভিনেত্রী পূজা হেগড়ে।
শুটিং শুরু হয়েছে চলতি বছরের জানুয়ারি মাসে, চেন্নাই, পোল্লাচি, হায়দরাবাদ ও মুম্বই জুড়ে। বহু-ভাষায় মুক্তি পাওয়ার লক্ষ্য নিয়ে ২০২৬ সালে দর্শকদের সামনে আসবে এই ছবি।
দক্ষিণী ছবিতে কাজ করার সুযোগকে নিজের কেরিয়ারের জন্য ‘অর্থবহ পদক্ষেপ’ বলে মনে করছেন নোরা। তাঁর কথায়, “দক্ষিণী ইন্ডাস্ট্রিতে এই অভিষেক আমার অভিনয়জীবনের পরিধি বাড়িয়ে দেবে।”







