বাঁশদ্রোনী ঘটনার প্রতিবাদ জানাতে গিয়ে গ্রেফতার বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায়। বাঁশদ্রোনী থানার বাইরে রাতভর ধর্নায় বসেন বিজেপি নেত্রী। বৃহস্পতিবার সকালে তাকে গ্রেফতার করে লালবাজারে নিয়ে যাওয়া হয়। সকাল ১০টা নাগাদ কয়েকজন পুলিশ আধিকারিক তাকে জানায় গ্রেফতার করা হচ্ছে। একটি লাল গাড়িতে তোলা হয় রূপা গঙ্গোপাধ্যায় কে। বিজেপি নেত্রী জানান, তার ব্যাগ রয়ে গিয়েছে বাঁশদ্রোনী থানায়। তিনি আরও অভিযোগ জানান, শৌচাগার ব্যবহারেও বাধা দেয় পুলিশ।
এই গ্রেফতারি প্রসঙ্গে রাজ্য বিজেপি মুখপাত্র শমিক ভট্টাচার্য বলেন, “উনি বাঁশদ্রোণীর ঘটনায় প্রতিবাদ জানিয়ে থানায় অবস্থানে বসেছিলেন। কিন্তু রাজ্যের তৃণমূল সরকার সমালোচনা সহ্য করতে পারে না। আর সেই কারণেই রূপা গঙ্গোপাধ্যায়কে গ্রেফতার করা হল।”
বাঁশদ্রোনীতে পথ দুর্ঘটনায় এক পড়ুয়ার মৃত্যু ঘটে। এই ঘটনায় অভিযুক্তদের গ্রেফতার করার দাবিতে বুধবার রাত থেকেই বাঁশদ্রোনী থানার বাইরে ধর্নায় বসেছিলেন রূপা গঙ্গোপাধ্যায়। তিনি বলেছিলে, “যত দিন না অভিযুক্তদের গ্রেফতার করা হচ্ছে, তত দিন থানায় বসে থাকব”। বৃহস্পতিবার সকালেও একই ভাবে বাঁশদ্রোনী ঘটনায় পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তিনি।
প্রসঙ্গত, বুধবার সকালে কলকাতা পুরসভার ১১৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নবম শ্রেণির এক ছাত্র পড়তে এ যাচ্ছিল। যে কোচিং সেন্টারে যাচ্ছিল, সেখানে রাস্তা সারাইয়ের কাজ চলছিল। সেখানেই থাকা এক জেসিবি ওই ছাত্রকে পিষে দেয় গাছের সঙ্গে। মাথায় গুরুতর আঘাত লাগে ওই ছাত্রের। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করে। এই ঘটনার পরেই উত্তপ্ত হয়ে ওঠে বাঁশদ্রোনী।







